সিলেটে চালু হলো ট্যুরিস্ট বাস
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশে প্রথমবারের মতো সিলেটে চালু হয়েছে ট্যুরিস্ট বাস। মঙ্গলবার (৮ অক্টোবর) বেলা আড়াইটার দিকে নগরীর জিন্দাবাজারে বেলুন উড়িয়ে দুটি বাসের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
এসময় তিনি বলেন, আমাদের জিডিপিতে পর্যটনের অবদান মাত্র ০.০০৫ ভাগ। অথচ পাশের দেশ থাইল্যান্ডের জিডিপির ২৩ ভাগ আসে পর্যটন খাত থেকে। আওয়ামী লীগ সরকার পর্যটন খাতকে গুরুত্ব দিয়ে কাজ করছে। পর্যটন শিল্পকে বিকশিত করতে দেশে অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন করা হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সিলেটে ট্যুরিস্ট বাস চালুর মধ্য দিয়ে নতুন ইতিহাস সৃষ্টি হলো। অল্প কিছু দিনের মধ্যে সিলেট নগরীর সর্বত্র ওয়াইফাই চালু করা হবে। তখন পর্যটকদের জন্যও সুবিধা হবে। এসময় তিনি সিলেটকে সত্যিকারের পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা চান।
সিলেট ট্যুরস এন্ড ট্রাভেলসের উদ্যোগে এই ট্যুরিস্ট বাস দুটি চালু হয়েছে। আগামীতে আরো ৬টি বাস চালু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এসব বাসে এসি ও ওয়াইফাই সুবিধা আছে। বাসের কোনোটিতে ২২টি, কোনোটিতে ২৪টি করে আসন রয়েছে। সিলেট থেকে বিভিন্ন পর্যটন কেন্দ্রে যাবে এসব ট্যুরিস্ট বাস।
উদ্বোধনকালে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি এ টি এম শোয়েব, সিনিয়র সহসভাপতি তাহমিন আহমেদ, সহসভাপতি চন্দন দাস, পরিচালক আব্দুল রহমান জামিল, এহতেশামুল হক চৌধুরী, মামুন কিবরিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed