Main Menu

১৪ ভিসি’র বিরুদ্ধে তদন্তে ইউজিসি

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক : দেশের ১৪ পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তদন্ত করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এদের মধ্যে দুজন সাবেক উপাচার্যও আছেন। আলোচিত উপাচার্যদের বিরুদ্ধে ভর্তি-নিয়োগ বাণিজ্য, অনিয়মের মাধ্যমে পদোন্নতি-পদায়ন, অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তদন্তের জন্য গঠন করা হয়েছে ভিন্ন ভিন্ন কমিটি। কয়েকটি তদন্তকাজ এরই মধ্যে শেষ হয়েছে।

ইউজিসির সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান দায়িত্ব গ্রহণের পর কোটা সংস্কার আন্দোলন ও ডাকসু নির্বাচনসহ বিভিন্ন ইস্যুতে দ্বিচারিতা ও উসকানিমূলক মন্তব্য করে বিতর্কের সৃষ্টি করেন। সর্বশেষ ডাকসু নির্বাচনে ছাত্রত্ব না থাকা ছাত্রলীগ নেতাদের অনিয়মের মাধ্যমে ভর্তি করার অভিযোগ উঠেছে ঢাবি উপাচার্যের বিরুদ্ধে। গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ নতুন নয়। তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় উন্নয়নের বরাদ্দ নিয়ে অর্থ লোপাটের অভিযোগ রয়েছে। বিভিন্ন সময় শিক্ষার্থী-শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া নিজের বাসভবনে পার্লার খোলার মতো ঘটনাও তিনি ঘটিয়েছেন। সম্প্রতি বিশ্ববিদ্যালয়টির ছাত্রী ফাতেমা-তুজ-জিনিয়াকে বহিষ্কার করে তোপের মুখে পড়েছেন তিনি। বর্তমানে বশেমুরবিপ্রবি ক্যাম্পাস উত্তাল। এসব নিয়ে তার বিরুদ্ধেও তদন্ত করবে ইউজিসি।

ভর্তি পরীক্ষা পরিচালনার জন্য তিনবার সম্মানী নিয়েছেন টাঙ্গাইলে অবস্থিত মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) উপাচার্য মো. আলাউদ্দিন। কেবল অতিরিক্ত সম্মানী নেওয়া নয়; শিক্ষকদের পদোন্নতি, কর্মকর্তা নিয়োগ বাণিজ্যও রয়েছে। আর বিশ্ববিদ্যালয় পরিচালনায় নিয়মকানুনের চেয়ে তার ব্যক্তিগত ইচ্ছা-অনিচ্ছাই প্রাধান্য পায় বলে অভিযোগ পেয়েছে ইউজিসি।

Manual3 Ad Code

এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন অর রশিদ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (প্রাবিপ্রবি) উপাচার্য এম রোস্তাম আলী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাজমুল আহসান কলিম উল্লাহ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আবুল কাশেম, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অহিদুজ্জামান, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে অধ্যাপক ড. মুহাম্মদ আহসান উল্লাহ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এস এম ইমামুল হক ও একই বিশ্ববিদ্যালয়ের আরও একজন সাবেক উপাচার্য অধ্যাপক হারুন অর রশীদের বিরুদ্ধেও অর্থ কেলেঙ্কারির অভিযোগ রয়েছে ইউজিসির কাছে।

Manual3 Ad Code

ইউজিসির তদন্তের ব্যাপারে জানতে চাইলে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, ‘বিষয়টি জানি না। যদি ইউজিসি তদন্ত করে তাহলে সেটা হওয়া উচিত। অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।’

Manual4 Ad Code

ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক কাজী শহিদুল্লাহ এ বিষয়ে বলেন, ‘বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ভিসিদের বিরুদ্ধে অভিযোগ তদন্ত চলছে। আমাদের কাজ কেবল তদন্ত শেষে শিক্ষা মন্ত্রণালয়ে সুপারিশ ও প্রতিবেদন পাঠানো।’

Manual6 Ad Code

সূত্র: দৈনিক দেশ রূপান্তর

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code