হজের ফিরতি ফ্লাইট শুরু আজ
বৈশাখী নিউজ ডেস্ক: আজ শনিবার ১৭ আগস্ট থেকে শুরু হয়েছে হজের ফিরতি ফ্লাইট। যা চলবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। এই সময়ের মধ্যে হজ করতে সৌদি আরবে যাওয়া বাংলাদেশিরা দেশে ফিরবেন। এবার ১ লাখ ২৭ হাজার ১৫২ জন বাংলাদেশি হজ পালনের জন্য সৌদি আরব গিয়েছিলেন। হজ পালনে এসে সৌদি আরবে শনিবার পর্যন্ত ৮১ জন মারা গেছেন।
৪১৯ জনকে নিয়ে সৌদি আরবের স্থানীয় সময় বেলা ১১টায় ঢাকার উদ্দেশে জেদ্দা থেকে রওয়ানা হবে বিমানের বিজি-৩৫২০ ফ্লাইট। বাংলাদেশ সময় রাত ৮টা ৪০ মিনিটে ফ্লাইটটি ঢাকায় পৌঁছার কথা রয়েছে। প্রথম দিন তিনটি ফিরতি ফ্লাইট রয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সৌদি এরাবিয়ান এয়ারলাইন্সের ৩৬৫টি ফ্লাইটে দেশে ফিরবেন বাংলাদেশিরা। জেদ্দা ও মদিনা বিমানবন্দরে বাংলাদেশিদের সেবা দিতে কাজ শুরু করেছেন সংশ্লিষ্টরা।
প্রত্যেকে বিনা মূল্যে সর্বাধিক দুটি ব্যাগে ৪৬ কেজি মালামাল আনতে পারবেন। বিজনেস ক্লাসের জন্য সর্বাধিক দুটি ব্যাগে ৫৬ কেজি মালামাল বহন করতে পারবেন। কেবিন ব্যাগেজে ৭ কেজি মালামাল সঙ্গে রাখতে পারবেন। তবে কোনোভাবেই প্রতি পিস ব্যাগের ওজন ২৩ কেজি এবং বিজনেস ক্লাসে ২৮ কেজির বেশি হতে পারবে না।
বাংলাদেশের যাত্রীরা ঢাকা এয়ারপোর্ট থেকে এবং সৌদির যাত্রীরা জেদ্দা এয়ারপোর্ট থেকে ৫ লিটার জমজমের পানি বিনা মূল্যে আনতে পারবেন। সুতরাং মক্কা কিংবা জেদ্দা থেকে জমজমের পানি সংগ্রহের কোনো প্রয়োজন নেই। বিমানে পানির জন্য প্রত্যেককে একটি করে টোকেন দেওয়া হবে। পরে ওই টোকেন দেখিয়ে জমজমের পানি সংগ্রহ করতে হবে বিমান বন্দরের নিদিষ্ট কাউন্টার থেকে।
পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে যাওয়ার সময় ৬০ হাজার হাজি মক্কা রুট ইনিশিয়েটিভের আওতায় ঢাকায় প্রি-ডিপারচার এরাইভাল সুবিধা পেয়েছেন এবং তাদের লাগেজ নিজ নিজ হোটেলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা ছিল। কিন্তু ফিরতি ফ্লাইট মক্কা রুট ইনিশিয়েটিভের আওতায় না থাকায় তাদেরকে লাগেজ নিজ দায়িত্বে বহন করতে হবে।
লাগেজসহ মক্কা থেকে জেদ্দা বিমান বন্দরে পৌঁছে দেওয়ার জন্য কাজ করছে মক্কা বাংলাদেশ হজ মিশন।
Related News
রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে
ধর্ম ডেস্ক: ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। রোববার (১৩ সেপ্টেম্বর)Read More
তাবলিগ জামাতের উভয় পক্ষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মাওলানা মছব্বিরের
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন বিশ্ব ইজতেমা উপলক্ষে তাবলীগ জামাতের উভয় পক্ষকে সমঝোতার মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ারRead More



Comments are Closed