Main Menu

ডেঙ্গুতে আবহাওয়াবিদের অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকার আবহাওয়াবিদ নাজমুল হোসেনের স্ত্রী শারমিন আক্তার (২৪) মারা গেছেন। সোমবার ভোর সাড়ে ৪টায় ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান ।

শারমিন ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তার বাড়ি জয়পুরহাটে। তার স্বামী নাজমুল হোসেন চাকরি সূত্রে ঢাকায় থাকেন। গত শুক্রবার জ্বর নিয়ে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি হন শারমিন। পরে পরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে।

পরিবারিক সূত্র জানায়, অন্তঃসত্বা থাকায় কয়েকদিন আগে ঢাকা থেকে জয়পুরহাটে বাবার বাড়িতে যান শারমিন আকতার। সেখানে হঠাৎই তার ডেঙ্গু ধরা পড়ে। রক্তের প্লাটিলেট না বাড়ায় জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য শারমিনকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। শারমিনকে গত শনিবার রাতে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোররাত সাড়ে চারটায় তিনি মারা যান।

আবহাওয়াবিদের ব্যক্তিগত সহকারী ফজলুল হক ব্রেকিংনিউজকে বলেন, স্যার (নিহতের স্বামী এ কে এম নাজমুল হক) অফিসের কাজে দক্ষিণ কোরিয়ায় গিয়েছিলেন। তিনি স্ত্রীর মৃত্যুর খবর পেয়েছেন। আজ (৫ আগস্ট) রাত ১১টায় দেশে ফিরবেন।

তিনি আরও বলেন, আজ (৫ আগস্ট) বাদ জোহর আবহাওয়া অফিসের সামনে তার (শারমিন আক্তার) জানাজা অনুষ্ঠিত হবে। এখন হাসপাতালে আমাদের কর্মকর্তাদের সহযোগীতায় দাফনের প্রস্তুতি সম্পন্ন করার কাজ চলছে। তার গ্রামের বাড়ি জয়পুরহাট। স্বামী দেশে ফিরলে রাতেই গ্রামে নিয়ে যাওয়া হবে।

শারমিনের স্বামী নাজমুল হোসেন চাকরি সূত্রে ঢাকায় থাকেন। তার বাড়ি নওগাঁর বদলগাছি উপজেলায়। তিনি এখন দেশের বাইরে আছেন। দেশের বাইরে যাওয়ার আগে স্ত্রীর সঙ্গে দেখা করতে গত বুধবার তিনি জয়পুরহাট এসেছিলেন।

Share





Related News

Comments are Closed