Main Menu

জাতীয় মৎস্য সপ্তাহ শুরু আজ

বৈশাখী নিউজ ডেস্ক : আজ বুধবার দেশব্যাপী শুরু হচ্ছে ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯’। এবারের জাতীয় মৎস্য সপ্তাহের স্লোগান নির্ধারণ করা হয়েছে ‘মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’।

এ উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার বাণীতে বলেন, সরকারের গৃহীত উন্নয়নমূলক কার্যক্রমের ধারাবাহিকতায় দেশ আজ মাছ উত্পাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। অভ্যন্তরীণ ও সামুদ্রিক মৎস্য সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং এর যথাযথ ব্যবহার নিশ্চিত করা সম্ভব হলে তা ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তরে উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেন, মৎস্য খাত বর্তমান সরকারের একটি অন্যতম অগ্রাধিকারভুক্ত খাত। দেশের বিপুল জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে সরকার এ খাতে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সকাল ১০টায় কৃষিবিদ ইনস্টিটিউট অব বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এরপর বেলা ১১টায় প্রধানমন্ত্রী গণভবনে মাছের পোনা অবমুক্ত করবেন। এ বছর মৎস্য খাতে অবদানের জন্য ১৭ প্রতিষ্ঠান ও ব্যক্তিকে ‘জাতীয় মৎস্য পুরস্কার-২০১৯’ দেওয়া হবে। প্রধানমন্ত্রী তাদের হাতে এ পুরস্কার তুলে দেবেন।

Share





Related News

Comments are Closed