Main Menu

টঙ্গীতে ৩ ক্যাবল অপারেটরকে জরিমানা

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গী এলাকায় কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন -২০০৬ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ৩ ক্যাবল অপারেটরকে ২ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান এ মোবাইল কোর্ট পরিচালন করেন।

জরিমানা করা তিন ক্যাবল অপারেটররা হলো রুপান্তর ডিজিটাল কেবল লিমিটেড ৫০ হাজার টাকা, স্যাটেলাইট কানেকশনকে ৫০ হাজার এবং টঙ্গী স্যাট সুপারভিশনকে ১ লক্ষ টাকাসহ মোট ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান। তাকে সহায়তা করেন বাংলাদেশ টেলিভিশন এর সুপারিনটেনডেন্ট (লাইসেন্স) নিমাই পাল এবং আনসার সদস্যগন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান বলেন, ক্রমানুসারে টিভি চ্যানেল প্রদর্শনের জন্য তথ্য মন্ত্রণালয়ের ডেটলাইন শেষ হয়েছে ৩০ জুন। নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পরেও নির্দেশ অমান্য করায় তাদেরকে এ জরিমানা করা হয়।

এদিকে ১ জুলাই থেকে বাংলাদেশে সম্প্রচারিত বিদেশি টিভি চ্যানেলে সকল প্রকার বিজ্ঞাপন প্রচার বন্ধ রয়েছে। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এ বিষয়ে বলেছেন, বিদেশি টেলিভিশনে বিজ্ঞাপন দেখালে বিশেষ করে দেশীয় পণ্যের বিজ্ঞাপন দেখালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার। এ জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান বলেন, আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতে এ ধরনের অপরাধে সর্বোচ্চ দুই লাখ টাকা জরিমানা অথবা দুই বছরের জেল দিতে পারবে। ভ্রাম্যমাণ আদালত ছাড়াও অন্যান্য ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অপরাধ যদি প্রমাণিত হয় তাহলে ক্যাবল অপারেটরের লাইসেন্সও বাতিল হতে পারে।

Share





Related News

Comments are Closed