Main Menu

শপথ নিলেন বিএনপি নেতা সিরাজ

বৈশাখী নিউজ ডেস্ক : সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন বগুড়া-৬ আসনে উপনির্বাচনে বিজয়ী গোলাম মোহাম্মদ সিরাজ। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকাল সাড়ে ৩টায় সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ বাক্য পাঠ করান। আসনটি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগী ছেড়ে দিয়েছিলেন।

শপথ বাক্য পরিচালনা করেন সংসদের সিনিয়র সচিব জাফর আহমেদ খান। এ সময় বিএনপির হারুনুর রশিদ, জাহিদুর রহমান, মোশাররফ হোসন ও সংরক্ষিত নারী আসনের ব্যারিস্টার রুমিন ফারহানা উপস্থিত ছিলেন।

এর আগে গত ২৪ জুন বগুড়া-৬ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ ধানের শীষ প্রতীকে ৮৯ হাজার ৭৪২ ভোট পেয়ে নির্বাচিত হন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী টি জামান নিকেতা নৌকা প্রতীকে পান ৩২ হাজার ২৯৭ ভোট। জাতীয় পার্টির (লাঙ্গল) প্রার্থী পেয়েছেন ৭ হাজার ২৭১ ভোট।

দেশের ইতিহাসে কোনো সংসদীয় আসনের সবগুলো কেন্দ্রে এই প্রথম ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে নির্বাচন করে বিপুল ভোটে জয়ী হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি একাদশ সংসদে শপথ নেননি। তাই উপ-নির্বাচনের ব্যবস্থা করা হয়।

এই আসনে বরাবরই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচন করে জয়ী হয়ে আসছেন। কিন্তু দণ্ডিত হয়ে কারাবন্দি থাকায় ৩০ ডিসেম্বর তিনি ভোট করতে পারেননি।

Share





Related News

Comments are Closed