Main Menu

শিশু সায়মার ‘ধর্ষক’ গ্রেফতার

বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর ওয়ারীর বনগ্রামে শিশু সামিয়া আফরিন সায়মাকে (৭) ধর্ষণ ও হত্যা মামলার মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (৭ জুলাই) সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতের নাম হারুন অর রশিদ। সে নবনির্মিত ওই ভবনেই অপর একটি পরিবারের সঙ্গে থাকতো। তার বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁয়। তবে ঘটনার পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। তার মোবাইল ফোনও বন্ধ ছিল। পরে তার অবস্থান শনাক্ত করে তাকে আটক করা হয়।

ওয়ারী বিভাগের ভারপ্রাপ্ত উপ-কমিশনার (ডিসি) ইফতেখার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই কর্মকর্তা জানান, গতকাল শনিবার সকালে শিশুর বাবা আব্দুস সালাম বাদী হয়ে ওয়ারি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। পুলিশ তদন্ত করছে। ভবনের আশপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করে যাচাই-বাছাই করা হয়েছে। সন্দেহে কয়েকজনকে আটকের পর জিজ্ঞাসাবাদও করা হয়েছে। ঘটনায় জড়িত এক যুবককে শনাক্ত করা হয়েছে। ওই যুবক এই ভবনেই একটি ফ্লোরে ভাইয়ের সঙ্গে থাকতো। ঘটনার পর থেকে সে পলাতক ছিল।

উল্লেখ্য, গত শুক্রবার (৫ জুলাই) রাত ৯টার দিকে ওয়ারীর বনগ্রামের একটি বহুতল ভবনের ৯ তলার খালি ফ্ল্যাটের রান্নাঘরের মেঝে থেকে শিশু সায়মার মরদেহ উদ্ধার করে পুলিশ। সন্ধ্যার পরে তার মাকে খেলতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় সে। অনেক খোঁজাখুঁজির পর ভবনের ৯ তলায় খালি ফ্ল্যাটের ভেতরে মেঝেতে গলায় দড়ি দিয়ে বাঁধা এবং মুখ রক্তাক্ত অবস্থায় সায়মাকে পড়ে থাকতে দেখেন তার পরিবাবের সদস্যরা। বহুতল ভবনটির ছয় তলার একটি ফ্ল্যাটে নিহত শিশু পরিবাবের সঙ্গে থাকতো। তার বাবার নাম আবদুস সালাম। চার ভাইবোনের মধ্যে সবার ছোট ছিল সায়মা। সে একটি স্কুলে নার্সারিতে পড়াশোনা করতো।

Share





Related News

Comments are Closed