Main Menu

আবু সিনা ছাত্রাবাস ভবন রক্ষার দাবিতে কর্মসূচি

বৈশাখী নিউজ ডেস্ক : সিলেট ওসমানী মেডিকেল কলেজের আবু সিনা ছাত্রাবাস নামে পরিচিত ভবনটি রক্ষার দাবিতে হেরিটেজ ও পরিবেশবাদী সংস্থাগুলো দু’দিনব্যাপি কর্মসূচি ঘোষণা করেছে।

কর্মসূচির প্রথম দিন মঙ্গলবার (১২ মার্চ) দুপুর ১২টায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা সিলেটের উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে মানববন্ধন কর্মসচি পালিত হবে। পরের দিন বুধবার হেরিটেজ নিয়ে কর্মরত সংগঠন সেভ দ্য হেরিটেজ এন্ড এনভায়রনমেন্ট-এর উদ্যোগে বিকাল ৪টায় আবু সিনা ছাত্রাবাস প্রাঙ্গনে ‘প্রতিবাদী অবস্থান কর্মসূচি’ অনুষ্ঠিত হবে।

ঐতিহাসিক ভবনটিকে সংস্কার করে সুরক্ষার দাবিতে ঘোষিত মঙ্গল ও বুধবারের কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য বাপা সিলেটের সাধারণ সম্পাদক আব্দুর করিম কিম ও সেভ দ্য হেরিটেজ এন্ড এনভায়রনমেন্ট’র প্রধান সমন্বয় সকলের প্রতি আহবান জানিয়েছেন।

জানা যায়, সিলেটের প্রথম সংবাদপত্র ‘শ্রীহট্ট প্রকাশ’-এর প্রেস ছিলো এই ভবনে। শ্রীহট্টপ্রকাশ প্রকাশিত হয় ১৮৭৬ সালে। ১৯৩৬ সালে এ বাড়িতে মানুষের চিকিৎসাসেবার জন্য ছোট পরিসরে হাসপাতাল চালু করা হয়। দ্বিতীয় মহাযুদ্ধের সময় এ হাসপাতালের বর্ধিতাংশে বার্মা-ইংরেজ সৈনিকদের চিকিৎসা দানের লক্ষ্যে মিলিটারী হাসপাতাল চালু করা হয়। পরবর্তীতে ১৯৪৮ সালে এ ভবনে মেডিকেল শিক্ষাদানের জন্য নির্মাণ করা হয় ‘লাইসেন্সড মেডিকেল ফেকাল্টি’ (এলএমএফ)। ১৯৬২ সালে এটিকে মেডিকেল কলেজে রৃপান্তরিত করা হয় । ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর ধবংসযজ্ঞ থেকে ভবনটি রক্ষা পায়নি। স্বাধীন বাংলাদেশে ১৯৭৮-৭৯ সালে হাসপাতালটি নগরীর কাজল হাওরে পরিপূর্ণভাবে স্থানান্তরিত হলে ভবনট ‘আবু সিনা ছাত্রাবাস’ হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।

ভবনটি ভেঙ্গে ২৫০ শয্যার হাসপাতাল নির্মানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। হেরিটেজ ও পরিবেশবাদী সংস্থাগুলো ভবনটি না ভেঙ্গে সেখানে মিউজিয়াম তৈরি করার দাবি জানিয়ে আসছে।

Share





Related News

Comments are Closed