Main Menu

মাছের সাথে এ কেমন শক্রুতা, ১০ লাখ টাকার ক্ষতি

সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বিলে বিষ প্রয়োগের অভিযোগ পাওয়া গেছে। এতে মারা গেছে অন্তত ১০ লাখ টাকার মাছ।

উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের রামপুর গ্রামের পাশে ডেকার হাওরের পুরান লাইন বিলে এ ঘটনাটি ঘটে।

জানা গেছে- উপজেলার ডেকার হাওরের পুরান লাইন বিলটি ইজারা নেন রামপুর গ্রামের একলাছ মিয়া সহ এলাকার আরো ১০জন ব্যবসায়ী। গত কয়েক দিন ধরে বিলের আশপাশের জমির মালিকদের সাথে বাকবিতণ্ডা চলছিল। এ অবস্থার মাঝে বিলের পাশের মালিকানা জমিতে বড় বড় ডোবা তৈরি করে প্রতিনিয়ত মাছ ধরছিলেন জমির মালিকেরা। আর বিলের পাড় না শুকানোর কারণে বিলের ইজারাদারেরা এসকল ডোবায় সেচ দিয়ে মাছ ধরা নিষেধ করেন।

এতে জমির মালিকেরা নিষেধ অমান্য করে মাছ ধরা অব্যাহত রাখায় এ ব্যাপারে বিলের ইজারাদার একলাছ মিয়া বাদি হয়ে দোয়ারাবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগের ভিত্তিতে জানা যায়- মঙ্গলবার রাতে রামপুর গ্রামের আলেক মিয়া, বোরহান উদ্দিন, শাহাব উদ্দিন, কালা মিয়া, কুতুব উদ্দিনসহ কয়েকজন মিলিত হয়ে রাতের আধারে বিষ প্রয়োগ করে বিলের সকল মাছ মেরে ফেলে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি সাধন করে।

সরেজমিন ঘুরে দেখা যায়- বিষ প্রয়োগের ফলে শূল, গজার, বোয়াল, রুই, মাগুর, শিং, কই, টেংরা, পুটি, মলা, ভেদাসহ বিলের সকল প্রজাতির মাছ মরে পানির উপর ভেসে উঠেছে।

এ ব্যাপারে বিলের মালিক ও মামলার বাদি একলাছ মিয়া বলেন, ‘এই বিল আমরা কয়েকজন মিলে ইজারা নিলে ইজারা মূল্য ও বিলে কাটা-বাছনা লাগানোসহ সম্পুর্ণ খরচ হয় প্রায় ৭ লাখ টাকা। বিল থেকে আমরা ১০ থেকে ১২ লাখ টাকার মাছ বিক্রি করতে পারতাম। কিন্তু মঙ্গলবার রাতে আমাদের উপর হিংসা করে বিলে বিষ প্রয়োগ করে প্রায় ১০/১২ লক্ষ টাকার ক্ষতি করেছে তারা। আমাদের এই ক্ষতি পোষানোর মত নয়। প্রশাসনের কাছে তাদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি আমরা।’

এব্যাপারে দোয়ারা থানার ওসি সুশীল রঞ্জন দাস বলেন, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিলের সকল প্রকার মাছ মারা গেছে। বিষয়টি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Share





Related News

Comments are Closed