Main Menu

ওসমানীনগরে সড়ক দূর্ঘটনায় নিহত বেড়ে ৭

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ওসমানীনগরে ট্রাক ও বরযাত্রীবাহী মাইক্রোবাসের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৭জনে দাড়িয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন বর ও তার দুই ভাই এবং স্বজন মিলে সাতজন। তাদের লাশ শুক্রবার বিকেলে বাড়িতে পৌঁছেছে।

এদিকে, তিন ছেলের লাশ বাড়িতে এসে পৌছলে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের মুকিরগাও গ্রামের ওই বাড়িতে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

জানা যায়, শুক্রবার (২৮ জুলাই) ছিল নিহত আনসার আলীর বিয়ের তারিখ। সেইসাথে সকল প্রস্তুতিও সম্পন্ন হয়েছিল। কনের বাড়ি নোয়াখালী জেলায়। সুনামগঞ্জের দোয়ারাবাজার থেকে নোয়াখালীর দূরত্ব বিশাল হওয়ায় আগের দিন বৃহস্পতিবার (২৬ জুলাই) সকালে কনের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন বর আনসার আলী। সাথে ছিলেন মামাতো ভাই আনফর আলীসহ আরো কয়েকজন।

দোয়ারাবাজার থেকে সিলেট হয়ে নোয়াখালি যাওয়ার পথেই বিকাল ৪টার দিকে ওসমানীনগর অতিক্রম করার সময় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই বর আনসার আলীসহ ৪জন মারা যান। রাতে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো ৩জন মারা যান।

নিহতরা হলেন- দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের মুকিরগাও গ্রামের মৃত জমির আলীর ছেলে বর হাফিজ আনসার আলী (২৬), তার বড় ভাই আমীর আলী (৩৫) ও ছোট ভাই আরব আলী (২০), ভগ্নীপতি ছাতকের মির্জাপুর গ্রামের মিরাস আলী (৩৫), নিকটাত্মীয় পারভীন আক্তার (২৭), তার শিশু কন্যা জাহানারা বেগম (৫) এবং ফুফাতো ভাই আনফর আলী (২৬)।

দুর্ঘটনায় গুরুতর আহত হন হাফিজ আনসার আলীর চাচা আব্দুল খালেক ও ফকির আলী। আশঙ্কাজনক অবস্থায় তারা সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

শুক্রবার বিকেলে হাফিজ আনসার আলী ও তার দুই ভাইয়ের লাশ গ্রামের বাড়িতে আনা হয়। সেখানে প্রতিবেশীরা জড়ো হন। তিনটি লাশ পাশাপাশি শুইয়ে রাখা হয় বাড়ির উঠোনে।

সন্তানদের মৃত্যুর খবরে ষাটোর্ধ নির্বাক মা তাজিরুন নেসা ছেলেদের ক্ষতবিক্ষত লাশ দেখে, লাশগুলো জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠেন। বার বার মূর্ছা যান তিনি। প্রতিবেশীরা সান্ত্বনা দিতে গিয়ে নিজেরাই কান্নায় ভেঙে পড়েন। বিষাদে ছেয়ে যায় পুরো বাড়ি। সান্ত্বনা দেবার ভাষা নেই কারো। অথচ কথা ছিল বিয়ের উৎসবে ভরপুর থাকবে বাড়িটি।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সিলেটগামী দ্রুতগতির টুকরো কাপড় বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১১-২৪৩৩) বিপরীতমুখি বরযাত্রীবাহী মাইক্রোবাসকে (ঢাকা মেট্রো-চ-১৪-০২৮৬) চাপা দিলে মাইক্রোবাসটি রাস্তার ওপর উল্টে যায়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলেই মাইক্রোযাত্রী ১ নারী, ১ শিশু ও ২ যুবক মারা যায়। তাজপুর ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর অবস্থায় আরো ৫ মাইক্রোযাত্রীকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আরো ৩জনের মৃত্যু হয়।

শেরপুর হাইওয়ে থানার ওসি বিমল ভৌমিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

এদিকে, দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের মুকিরগাঁও গ্রামে এ হতাহতের খবর পৌঁছলে কান্নার রোল পড়ে। স্বজনরা বৃহস্পতিবার রাতেই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসেন।

Share





Related News

Comments are Closed