Main Menu

৩০ লাখ গাছ লাগানোর কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বৈশাখী নিউজ ডেস্ক: পরিবেশ রক্ষায় দেশের প্রত্যেক নাগরিককে নিজ নিজ জায়গায় গাছ লাগানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘কারও মুখাপেক্ষী না হলে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষায় নিজেদেরই উদ্যোগী হতে হবে। সবাই নিজের দেশের কথা চিন্তা করে পরিবেশ রক্ষায় সামিল হবেন।’

বুধবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০১৮ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও মাসব্যাপী বৃক্ষমেলা ২০১৮ এর উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। এসময় প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের স্মরণে সারাদেশে একযোগে ৩০ লাখ গাছ লাগানোর কর্মসূচির উদ্বোধন করেন।

সামাজিক বনায়নে উপকারভোগীদের লভাংশ বাড়িয়ে ৫০ শতাংশ করা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘সামাজিক বনায়নের ফলে মানুষ আর্থিকভাবে স্বচ্ছল হচ্ছেন। দেশের পরিবেশও রক্ষা হচ্ছে। সামাজিক বনায়নের মাধ্যমে সরকারের আয় ৩৭১ কোটি ৮ লাখ ৮০ হাজার ২৫৬ টাকা। আর মহিলা উপকারভোগীর সংখ্যা এক লাখ ২১ হাজার ৫০৭ জন।’

সরকার প্রধান বলেন, ‘সরকারের মধ্যে যদি সচেতনতা না থাকে, তাহলেই পরিবেশ নষ্টসহ নানা সমস্যা তৈরি হয়। এই পরিস্থিতি আমরা বঙ্গবন্ধুর হত্যার পরে দেখেছি। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে, তখনই পরিবেশসহ দেশের সব দিকে লক্ষ্য রেখে পদক্ষেপ নেয়। এবারও সেই পদক্ষেপ নেওয়া হয়েছে।’

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বুধবার তিনি এসব কর্মসূচির উদ্বোধন করেন। একই সঙ্গে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ড লাইফ কনজারভেশন পদক ২০১৮, জাতীয় পরিবেশ পদক ২০১৮ এবং বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার ২০১৭ প্রদান করেন। এছাড়া, অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সামাজিক বনবিভাগের উপকারভোগীদের লভাংশের চেক তুলে দেন।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে একটি গাছ লাগান এবং সম্মেলন কেন্দ্রের বাইরে অনুষ্ঠিত বৃক্ষমেলা ঘুরে দেখেন।

Share





Related News

Comments are Closed