Main Menu

গাজীপুর নির্বাচনে জালভোটের মহোৎসব চলছে : বিএনপি

বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রায় শতাধিক কেন্দ্রে সরকার দলীয় নেতা-কর্মীরা পুলিশের সহযোগিতায় এজেন্টদের বের করে দিয়েছে এবং জালভোট দিচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে মঙ্গলবার সকালে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন।

তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কোনো সুখবর নেই। আমাদের দল থেকে সরেজমিনে যারা নির্বাচন মনিটরিং করছেন, তাদের কাছ থেকে আমরা জেনেছি এখন পর্যন্ত (সকাল ১১টা ৪৩ মিনিট) প্রায় শতাধিক কেন্দ্র থেকে বিএনপি এজেন্ট বের করে দেওয়া হয়েছে। এছাড়া জাল ভোট, ছিল মারার মহা উৎসব চলছে।’

নির্বাচন কমিশনারের সমালোচনা করে বিএনপির এই মুখপাত্র বলেন, ‘নির্বাচন কমিশন একটা ভাঙা হাঁড়ি, হাঁড়ি যেমন ভাঙলে জোড়া লাগানো যায় না, তেমনি আমরা যতই তাদের কাছে অভিযোগ করি, বলি যে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করুন, কিন্তু এই ভাঙা হাঁড়ি জোড়া লাগানো যায় না, তারা ভালো কাজ করতে চায় না।

সরকারের সমালোচনা করে রিজভী বলেন, ‘কেড়ে নাও, দখল করো, সন্ত্রাস করো, এটাই হচ্ছে আওয়ামী লীগের চরিত্র এবং ঐতিহ্য। এর বাইরে আওয়ামী লীগ যেতে পারেনি, যাবে না।’

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপি ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, অ্যাডভোকেট আহমেদ আজম খান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, শহীদুল ইসলাম প্রমুখ।

Share





Related News

Comments are Closed