Main Menu

সংগীতশিল্পী আসিফ কারাগারে

বিনোদন ডেস্ক : গীতিকার-সুরকার শফিক তুহিনের করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের মামলায় গ্রেপ্তার সংগীতশিল্পী আসিফ আকবরের রিমান্ডের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার দুপুরে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কেশব রায় চৌধুরী এ আদেশ দেন। এর আগে বেলা সোয়া ১১টার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আসিফকে আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড চায়। তবে শুনানি শেষে আদালত তা নাকচ করে দিয়েছেন। অন্যদিকে আসিফ আকবরের আইনজীবী আসাদুজ্জামান ও ফারুক মিয়া তার জামিনের আবেদন করেন।

এ বিষয়েও আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে কণ্ঠশিল্পী আসিফকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পাশাপাশি জামিন চেয়ে আবেদন করেন তার (আসিফ) আইনজীবী। দুপুর ১২টার দিকে গায়ক আসিফকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করেন সাইবার পুলিশ ব্যুরোর উপপুলিশ পরিদর্শক প্রলয় রায়।

সোমবার সন্ধ্যায় শফিক তুহিন আইসিটি আইনে আসিফের বিরুদ্ধে মামলাটি করেন। এতে আসিফ ছাড়াও আরও ৪-৫জনকে আসামি করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিনগত রাত দেড়টায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি টিম তাকে গ্রেপ্তার করে। রাতেই তাকে একটি সাদা মাইক্রোবাসে মালিবাগের সিআইডি কার্যালয়ে নেয়া হয়।

Share





Related News

Comments are Closed