Main Menu

জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে ৩ শ্রমিকের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: জামালপুরে পল্লী বিদ্যুৎ লাইনের সংস্কার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরো পাঁচজন।

বৃহস্পতিবার বিকাল সোয়া ৪টার দিকে ইসলামপুর উপজেলার মধ্যদরিয়াবাদ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হাসান (৩২), তাহের আলী (৩০) ও ওবায়দুর (৩২)।

নিহত হাসানের বাড়ি জামালপুর সদর উপজেলার নরুন্দিতে এবং তাহের আলী ও ওবায়দুরের বাড়ি গাইবান্ধার সাঘাটা উপজেলায় বলে জানা গেছে।

আহতদের মধ্যে হেলাল, জুয়েল, শফিকুল, মিঠুনকে জামালপুর জেনারেল হাসপাতালে ও রুবেলকে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পল্লী বিদ্যুৎ সূত্রে জানা যায়, দুর্ঘটনাস্থল মধ্যদরিয়াবাদ এলাকায় সকাল থেকে বোরো ধানক্ষেতে পানির মধ্যে দাঁড়িয়ে বিদ্যুৎ লাইনের সংস্কার কাজ করছিল পল্লী বিদ্যুতের নিযুক্ত ঠিকাদারের শ্রমিকরা। বিকাল সোয়া ৪টার দিকে একটি খুঁটি স্থাপন করার সময় তা বৈদ্যুতিক সঞ্চালন লাইনের ওপর পড়লে তার ছিঁড়ে বোরো ধানক্ষেতে পানিতে পড়লে সেখানে কর্মরত শ্রমিকরা বিদ্যুৎস্পৃষ্ট হলে এ হতাহতের ঘটনা ঘটে।

জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার পানা উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নির্মাণ কৌশল নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান ইসলামপুর উপজেলার মধ্যদরিয়াবাদ এলাকায় পল্লী বিদ্যুৎ লাইনের সংস্কার কাজ করছে। সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু ও ৫ শ্রমিক আহত হয়েছেন।

এদিকে ইসলামপুর থানার এসআই রফিকুল ইসলাম জানান, নিহত তিন শ্রমিকের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। এ ব্যাপারে ইসলামপুর থানায় একটি ইউডি মামলা হবে।

Share





Related News

Comments are Closed