Main Menu

বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আটক ৯

বৈশাখী নিউজ ডেস্ক: মুন্সীগঞ্জ সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে মঙ্গলবার দিবাগত রাতে শহরের বিভিন্ন মেসে অভিযান চালিয়ে ৯জনকে আটক করেছে পুলিশ।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি আলমগীর হোসেন জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ওই অভিযান চালিয়ে আব্দুর রহিম, মো. কামরুল, মোস্তাফিজুর রহমান, রিয়াজ মিয়া, সাখাওয়াত হোসেন ও জাকির হোসেন, মো. কাজিম, রফিকুল ইসলাম ও রতন মিয়াকে আটক করা হয় ।এ বিষয়ে শহরের ইদ্রাকপুর ১নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সাহাব উদ্দিন বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে মুন্সীগঞ্জ থানায় আজ বুধবার দুপুরে আইসিটি আইনে মামলা দায়ের করেছেন। আটককৃতরা সবাই মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজের শিক্ষার্থী।

এদিকে, প্রশ্ন পত্র ফাঁসের সাথে মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজের শিক্ষার্থীদের সম্পৃক্ত থাকার বিষয়ে কলেজটির অধ্যক্ষ প্রফেসর ড.মীর মাহফুজুল হক জানান, যদি আমার কলেজের কোন শিক্ষার্থী প্রশ্ন ফাঁসের ঘটনার সাথে জড়িত থাকে তাহলে অবশ্যই তদন্ত করে কলেজ প্রশাসন পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

এদিকে, প্রশ্ন পত্র ফাঁসের ঘটনায় বুধবার (১৩ ডিসেম্বর) সদরের ১’শ ১৩ টি প্রাথমিক বিদ্যালয়ে ৩ টি শ্রেনীর সকল বিষয়ের বার্ষিক পরীক্ষা স্থগিত করেছে প্রশাসন। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেনীর স্থগিতের নির্দেশ দিয়েছে। এ ঘটনায় মঙ্গলবার (১২ ডিসেম্বর) বাংলা বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পঞ্চানন বালা জানান, জেলা প্রশাসনের নির্দেশে প্রাথমিকের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেনীর সকল বিষয়ের বার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) প্রাথমিক ওই ৩ শ্রেনীর বার্ষিক পরীক্ষা শুরু হয়। প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনায় মঙ্গলবার বাংলা বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সায়লা ফারজানা জানান, ১১ ডিসেম্বর রাতে প্রশ্ন পত্র ফাঁসের অভিযোগ উঠলে এবং সত্যতা স্বরুপ জেলা প্রশাসকের ই-মেইলে প্রশ্ন পাঠায় যার জন্য পরীক্ষা স্থগিত করার নির্দেশ দেই। পরবর্তীতে তারিখ নির্ধারণ করে অতি দ্রুত নতুন প্রশ্নপত্র তৈরী করে পরীক্ষা নেয়া হবে। ইতি মধ্যে এ ঘটনায় জড়িত থাকায় বেশ কয়েকজনকে শহরের বিভিন্ন স্থান হতে আটক করা হয়েছে।

Share





Related News

Comments are Closed