Main Menu

ভর্তি জালিয়াতি: চবির ২ ছাত্র বহিষ্কার

বৈশাখী নিউজ ডেস্ক : ভর্তি জালিয়াতিতে ডিভাইসসহ পুলিশের হাতে আটক হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রলীগের স্থগিত কমিটির সহ-সম্পাদক ইশতিয়াক আহমেদ সৌরভসহ ২ ছাত্রকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। সৌরভ চবির মার্কেটিং বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের ছাত্র ও বহিস্কিৃত শরিফুল ইসলাম নাজমুল ইংরেজি বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের ছাত্র।

শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোঃ আলী আজগর চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, ভর্তি জালিয়াতি চক্রের সদস্য হিসেবে আটক ও সম্পৃক্ততার অভিযোগ আসায় উপাচার্যের নির্বাহী ক্ষমতাবলে তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে। এছাড়া কেন তাদের স্থায়ী বহিষ্কার করা হবে না – এ ব্যাপারে জানতে চেয়ে শো-কজ করা হয়েছে।

এর আগে গত বুধবার (২৫ অক্টোবর) চট্টগ্রাম নগরীর বায়েজীদ থেকে শরীফুল ইসলাম নাজমুলকে ডিভাইসসহ আটক করা হয়। পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) পুলিশের একটি দল পাঁচলাইশ এলাকা থেকে রাত সাড়ে ১০টার দিকে ইশতিয়াক আহমেদ সৌরভকে আটক করে। এসময় তার কাছে ২টি হিয়ারিং ডিভাইস, ২টি ব্লু টুথ ডিভাইস ও বেশ কয়েকটি ব্যাটারি পাওয়া যায়।

উল্লেখ্য, বহিষ্কৃত ও ডিভাইসসহ আটক হওয়া ইশতিয়াক আহমেদ চবি ছাত্রলীগের স্থগিত কমিটির সহ-সম্পাদক। নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও চবি ছাত্রলীগের স্থগিত কমিটির সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সুজনের অনুসারী হিসেবে পরিচিত।

Share





Related News

Comments are Closed