Main Menu

বিএনপি নেতা হান্নান শাহ আর নেই

বৈশাখী নিউজ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওইন্না ইলাহি রাজিউন)। সিঙ্গাপুরের র‌্যাফেলস্ হার্ট সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ভোরে তিনি মারা যান। হান্নান শাহ হৃদরোগে ভুগছিলেন।

সিঙ্গাপুরে থাকা তার ছোট ছেলে শাহ রেজানুর হান্নানের বরাত দিয়ে বিএনপির প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি জানিয়েছেন। সিঙ্গাপুরে শাহ রেজানুর ছাড়াও আছেন তার ছোট মেয়ে শারমিন হান্নান।

সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) হান্নান শাহ। অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর পাঠানো হয়। সেখানে হান্নান শাহকে ভর্তি করা হয় র‌্যাফেলস্ হার্ট সেন্টারে।

গত ১৩ সেপ্টেম্বর দুপুরে ওই সেন্টারে চিকিৎসক ডা. অ্যালভিন এনজি’র নেতৃত্বে একদল চিকিৎসক হান্নান শাহ’র হৃদযন্ত্রে সফল অস্ত্রোপচার করেন।

তখন শাহ রেজানুর জানান, অস্ত্রোপচারের মাধ্যমে হান্নান শাহ’র হৃদযন্ত্রে চারটি রিং বসানো হয়। বিকেলে করানো হয় এনজিওগ্রাম। অবস্থার উন্নতি হওয়ায় খুলে দেওয়া হয় লাইফ সাপোর্টও। কিন্তু তার ১৩ দিনের মাথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন হান্নান শাহ।

আগামীকাল বুধবার রাত ৯টায় হান্নান শাহ’র লাশ ঢাকা পৌঁছাবে। বৃহস্পতিবার সকাল ১০ টায় মহাখালির ডিওএইচএস-এ তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর দুপুর ১টায় সংসদ ভবনে এবং দেড়টায় নয়া পল্টনে জানাজা অনুষ্ঠিত হবে। ৩০ সেপ্টেম্বর শুক্রবার নিজ গ্রামে কাপাসিয়ায় তার দাফন সম্পন্ন করা হবে।

বিএনপি চেয়ারপারসন ও মহাসচিবের শোক
এদিকে, বিএনপির এ প্রবীণ নেতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পৃথক দু’টি শোকবার্তায় তারা এ শোক প্রকাশ করেন। খালেদা ও ফখরুল তাদের শোকবার্তায় মরহুমের আত্মার শান্তি কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানান।

Share





Related News

Comments are Closed