Main Menu

৪০৭ ইউপিতে বিভিন্ন পদে ভোট ৩১ অক্টোবর

বৈশাখী নিউজ ২৪ ডটকম : আগামী ৩১ অক্টোবর ভোটগ্রহণের সময় নির্ধারণ করে ৪০৭টি ইউনিয়ন পরিষদের (ইউপি) বিভিন্ন পদে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২৬ সেপ্টেম্বর) সংস্থাটির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব ফরহাদ আহাম্মদ খানের সই করা তফসিল থেকে জানা গেছে, নবম ইউপি নির্বাচনে প্রথম থেকে ষষ্ঠ দফা পর্যন্ত বিভিন্ন স্থগিত নির্বাচন এবং কিছু সাধারণ নির্বাচন ও উপ-নির্বাচনের তফসিল দেওয়া হয়েছে। এক্ষেত্রে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৬ অক্টোবর, মনোনয়নপত্র বাছাই ৭ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৪ অক্টোবর। আর ভোটগ্রহণ হবে ৩১ অক্টোবর।

তফসিল অনুযায়ী, নবম ইউপি নির্বাচনের প্রথম থেকে ষষ্ঠ ধাপ পর্যন্ত বন্ধ ভোটকেন্দ্রে পুনঃভোট ২০২ ইউপিতে এবং বিভিন্ন পদে প্রার্থীরা সমভোট পাওয়ায় পুনঃভোট হবে ৬৫ ইউপিতে। আর মামলা বা অন্য কারণে স্থগিত বা বাতিল করা ৩৩ ইউপিতেও ভোট হবে ৩১ অক্টোবর। এসব ইউপির কোনোটিতে সদস্য ও কোনোটিতে চেয়ারম্যান পদে ভোট হবে।

আর ৩৬ ইউপিতে সব পদে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্যদিকে, ৭১টি ইউপিতে বিভিন্ন পদ শূন্য হওয়ায় উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে একইদিন।

এদিকে, এসব ইউপির মধ্যে ২৩টি ইউপি রয়েছে যেখানে বিলুপ্ত ছিটমহলবাসীও ভোট দিতে পারবেন।

Share





Related News

Comments are Closed