Main Menu

সোনার দাম আবারও বাড়ল

বৈশাখী নিউজ ডেস্ক: দুই মাসের ব্যবধানে দেশের বাজারে আবারও আরেক দফা বাড়ল বিভিন্ন ধরনের সোনার দাম। নতুন দাম অনুযায়ী সোনায় ভরি প্রতি ১ হাজার ২২৫ টাকা পর্যন্ত বেড়েছে।
সারা দেশে সোনার নতুন দাম আগামী শুক্রবার (৬ মে) থেকে কার্যকর হবে। বাজুস সূত্রে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, নতুন দর অনুযায়ী প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনা ৪৭ হাজার ৪১৪ টাকা, ২১ ক্যারেট ৪৫ হাজার ৩১৪ টাকা এবং ১৮ ক্যারেট ৩৮ হাজার ৬৬৬ টাকা।
এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ২৭ হাজার ৫৮৫ টাকা। আর প্রতি ভরি ২১ ক্যারেট রুপার (ক্যাডমিয়াম) দাম ১ হাজার ১৬৬ টাকা।
আগামীকাল বৃহস্পতিবার পযন্ত প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম থাকবে ৪৬ হাজার ১৮৯ টাকা, ২১ ক্যারেট ৪৪ হাজার ৮৯ টাকা এবং ১৮ ক্যারেট ৩৭ হাজার ৪৪১ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ২৬ হাজার ৩৬০ টাকা এবং প্রতি ভরি ২১ ক্যারেট রুপা (ক্যাডমিয়াম) ১১০৮ টাকা দরে বিক্রি হবে।
চলতি বছর এ পর্যন্ত পাঁচবার দেশের বাজারে বাড়ল সোনার দাম। এর আগে গত ৫ মার্চ সোনার দাম প্রতি ভরিতে ১২২৫ টাকা বাড়ানো হয়েছিল। এবার দুই মাস পর আবারও বাড়ল সোনার দাম।
বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সভাপতি কাজী সিরাজুল ইসলাম জানান, আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার পর আমরা সপ্তাহখানেক অপেক্ষা করে দেখি কমে কিনা। কিন্তু দাম না কমার কারণে আবারো সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাজুস। তবে আন্তর্জাতিক বাজারে দাম কমলে দেশের বাজারেও দাম কমবে।

Share





Related News

Comments are Closed