Main Menu

সিলেটে নয় মাসে সড়কে ঝরলো ২৮৮ প্রাণ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চলতি বছরের প্রথম নয় মাসে সড়ক দুর্ঘটনায় ২৮৮ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬৩০ জন। এর মধ্যে মে মাসে সর্বোচ্চ ৫১ জনের প্রাণহানি ঘটেছে। এরপর আগস্ট মাসে ৪৭ জন নিহত হন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির প্রকাশিত মাসিক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে সিলেটে মোট ২৬৫টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে জানুয়ারিতে ২৫টি দুর্ঘটনায় ২৫ জন, ফেব্রুয়ারিতে ৩২টি দুর্ঘটনায় ৩২ জন, মার্চে ২৯টি দুর্ঘটনায় ৩২ জন, এপ্রিলে ১৯টি দুর্ঘটনায় ১৫ জন, মে মাসে ৪২টি দুর্ঘটনায় ৫১ জন, জুনে ২৯টি দুর্ঘটনায় ২৯ জন, জুলাইয়ে ২৮টি দুর্ঘটনায় ৩১ জন, আগস্টে ৩৫টি দুর্ঘটনায় ৪৭ জন এবং সেপ্টেম্বরে ২৬টি দুর্ঘটনায় ২৬ জন নিহত হয়েছেন।

মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, মে ও আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা ছিল সবচেয়ে বেশি। এ দুই মাসে মোট ৯৮ জন নিহত হয়েছেন, যা নয় মাসের মোট প্রাণহানির প্রায় ৩৪ শতাংশ। অর্থাৎ, ওই দুই মাসেই সড়ক দুর্ঘটনায় উল্লেখযোগ্যসংখ্যক মানুষের মৃত্যু হয়েছে।

সড়ক দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে অতিরিক্ত গতি, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং, চালকের অসতর্কতা, যানবাহনের যান্ত্রিক ত্রুটি এবং সড়কের নিরাপত্তাব্যবস্থার ঘাটতির বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। পাশাপাশি মোটরসাইকেল চালক ও আরোহীদের হেলমেট ব্যবহার এবং পথচারীদের নিরাপদে রাস্তা পারাপারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রতিবেদনে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি ট্রাফিক আইন প্রয়োগ, নিয়মিত নজরদারি এবং দুর্ঘটনার কারণ চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে।

এ ছাড়া সিলেট বিভাগের মহাসড়কগুলোতে নিরাপত্তা নিশ্চিত করাকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহনের চাপ ও দ্রুতগতির কারণে দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর গতিসীমা নিশ্চিত করা, ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করা এবং প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের তাগিদ দেওয়া হয়েছে।

সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগের পাশাপাশি চালক, যাত্রী ও পথচারীদের সচেতনতা এবং ট্রাফিক আইন মেনে চলা জরুরি বলে প্রতিবেদনে গুরুত্বারোপ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed