সিলেটে পূজামণ্ডপে গান গেয়ে শাস্তির মুখে পুলিশের এএসআই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর একটি পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে থাকা অবস্থায় সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করে শাস্তির মুখে পড়েছেন এক পুলিশ সদস্য।
পুলিশের পোশাক পরে গান গাওয়ায় জালালাবাদ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) উদয়ন ফারুককে ক্লোজড (প্রত্যাহার) করা হয়েছে। এ ঘটনায় তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সিলেট মহানগর পুলিশ কমিশনারের স্বাক্ষরিত এক আদেশে তাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার (১৯ অক্টোবর) রাতে সিলেট নগরীর ৮ নম্বর ওয়ার্ডের আখালিয়া নতুনবাজার এলাকার ব্রাহ্মণশাসন সার্বজনীন পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে ছিলেন এএসআই উদয়ন ফারুক। এ সময় পূজা উদযাপন পরিষদের আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে পুলিশের ইউনিফর্ম পরেই গান পরিবেশন করেন তিনি।
তার গান গাওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা আয়, এএসআই ফারুক পুলিশের ইউনিফর্ম পড়ে পূজামণ্ডপের মঞ্চে গান পরিবেশন করছেন। তাকে জেমসের ‘ওরে ওরে হাওয়ারে’ গান পরিবেশন করতে শোনা যায়।
ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে। এরপর তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) সাইফুল ইসলাম বুধবার বলেন, ওই পুলিশ সদস্য সেখানে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। সরকারী দায়িত্ব পালনকালীন সময়ে অন্য কাজে জড়িয়ে পড়া দায়িত্ব অবহেলা।
তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। পরে এএসআই উদয়ন ফারুককে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।
তিনি আরও বলেন, ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য জালালাবাদ থানার সহকারী কমিশনারকে (এসি) দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Related News
সিলেটে পূজামণ্ডপে গান গেয়ে শাস্তির মুখে পুলিশের এএসআই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর একটি পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে থাকা অবস্থায় সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশনRead More
সিলেটে পুলিশের অভিযানে ৭ জুয়াড়ি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে জুয়া খেলার অভিযোগে সাত যুবককে আটকRead More



Comments are Closed