নীলফামারীতে হত্যা করে সিলেটে আত্মগোপন, গ্রেফতার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: নীলফামারীর ডোমারে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দেলোয়ার হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনায় দীর্ঘদিন পলাতক থাকা প্রধান তিন আসামিকে সিলেট থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবাগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯ সিপিএসসি, সিলেট এবং এসআরবি-১৩, সিপিসি-২, নীলফামারীর একটি যৌথ আভিযানিক দল সিলেটের জালালাবাদ থানাধীন কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা বাজার এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- নীলফামারী জেলার ডোমার থানার হংসরাজ গ্রামের মৃত চাঁদ মিয়ার ছেলে মো. আবুল হোসেন (৪০), আবুল হোসেনের স্ত্রী মোছা. আমেনা বেগম (৩৫) এবং তাঁদের ছেলে মো. হৃদয় ইসলাম (১৯)।
এসআরবি সূত্রে জানা যায়, দেলোয়ার হোসেনের সাথে তাঁর ভাই-বোন ও ভাতিজাদের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত ৫ জুন সকালে ডোমার থানাধীন হংসরাজ গ্রামের তামরপাড়া এলাকায় ভিকটিমের আবাদী জমির আইল কেটে নিজেদের সীমানায় নেওয়ার চেষ্টা করেন আসামিরা। দেলোয়ার হোসেন এতে বাধা দিলে ১ নম্বর আসামি আবুল হোসেনের হুকুম ও নেতৃত্বে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র ও কোদাল দিয়ে তাঁর মাথায় ও শরীরে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। তাঁকে বাঁচাতে এগিয়ে এলে পরিবারের অন্য সদস্যদের উপরও হামলা চালানো হয়।
পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় দেলোয়ার হোসেন ও তাঁর স্ত্রীকে উদ্ধার করে প্রথমে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৪ জুন দেলোয়ার হোসেন মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে ডোমার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই আসামিরা আত্মগোপনে ছিলেন। অবশেষে সিলেট থেকে তাদের গ্রেফতার করে এসআরবি।
এসআরবি-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এসব তথ্য নিশ্চিত করে জানান- গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ডোমার থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News
নীলফামারীতে হত্যা করে সিলেটে আত্মগোপন, গ্রেফতার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: নীলফামারীর ডোমারে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দেলোয়ার হোসেন (৪০) নামে এক ব্যক্তিকেRead More
পানিতে ডুবে ও মোটরসাইকেল দূর্ঘটনায় ১০ মাসে প্রাণ গেল শাবির ৭ শিক্ষার্থীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) চলতি বছরের ১০ মাসে বিভিন্নRead More



Comments are Closed