সিলেটে উলামা মাশায়েখ পরিষদের বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: ‘৯০ ভাগ মুসলমানের দেশে কুরআন-সুন্নাহবিরোধী আইন চলবে না’ বলে হুঁশিয়ারি দিয়েছেন সিলেটের উলামা মাশায়েখবৃন্দ।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে নগরীর বন্দরবাজারস্থ কোর্ট পয়েন্টে বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে তারা জাতীয় সংসদে পাস হওয়া কুরআন-সুন্নাহবিরোধী সম্পত্তি হস্তান্তর সংশোধন আইন অবিলম্বে বাতিলের দাবি জানান। মিছিলটি কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সমাপ্ত হয়।
মিছিল পূর্ব সমাবেশে বক্তারা বলেন, ধর্মীয় বিধান উপেক্ষা করে এ আইন পাসের মাধ্যমে ধর্মপ্রাণ মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে; কোনোভাবেই তা মেনে নেওয়া হবে না। ওসিয়ত ও সম্পত্তির উত্তরাধিকার-বণ্টনের বিধান আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। এসব বিধানকে পাশ কাটিয়ে আইন প্রণয়ন কোটি কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। ২০১৩ সালে পিতা-মাতার ভরণপোষণ ও অধিকার নিশ্চিত করতে আইন করা হয়েছে; সেটি যথাযথভাবে প্রয়োগ করলেই পিতা-মাতার অধিকার রক্ষা সম্ভব।
তারা আরও বলেন, সম্পত্তি ও উত্তরাধিকারসংক্রান্ত আইন করার আগে দেশের আলেম-ওলামা ও ইসলামি চিন্তাবিদদের মতামত নেওয়া প্রয়োজন ছিল। কিন্তু সরকার সেই উদ্যোগ না নিয়ে ধর্মীয় বিধানকে অবজ্ঞা করেছে। অথচ ব্রিটিশ শাসকরাও মুসলিম পারিবারিক আইনে হস্তক্ষেপ করেনি। নির্বাচনের আগে কুরআন-সুন্নাহবিরোধী আইন না করার প্রতিশ্রুতি দেওয়া দলটি ক্ষমতায় গিয়ে ধর্মপ্রাণ মুসলমানদের সাথে প্রতারণা করেছে।
পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দীর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ারের পরিচালনায় সমাবেশে সিলেটের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামদের মধ্য থেকে বক্তব্য রাখেন- অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল-মাদানী, উপাধ্যক্ষ মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, অধ্যক্ষ মাওলানা ফখরুল ইসলাম, মুহাদ্দিস মাওলানা হাবীবুল্লাহ ও হাফিজ মাওলানা মাহবুবুর রহমান জালালাবাদী।
হাফিজ সৈয়দ আব্দুল আহাদের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত সমাবেশে উপস্থিত ছিলেন- অধ্যক্ষ মাওলানা জাকির হোসাইন, হাফিজ মাও. মুশাহিদ আহমদ, মাওলানা খলীলুর রহমান, মাওলানা আব্দুল্লাহ আনসার, মাওলানা মাহবুবুর রহমান সিদ্দিকী, মাওলানা শাহ মাহমুদুল হক, মাওলানা জিল্লুর রহমান, হাফিজ মাওলানা মুখলিসুর রহমান, মাওলানা মঈনুল ইসলাম, মাওলানা মাহফুজুর রহমান ও ছাত্রনেতা মাওলানা কাওছার হামিদ প্রমুখ।
Related News
সিলেটে উলামা মাশায়েখ পরিষদের বিক্ষোভ
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ‘৯০ ভাগ মুসলমানের দেশে কুরআন-সুন্নাহবিরোধী আইন চলবে না’ বলেRead More
সিলেটে কৃষি অধিদপ্তর এবং এফআইভিডিবির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: এগ্রোইকোলজি ও টেকসই খাদ্যব্যবস্থা উন্নয়নে ও রূপান্তরকে এগিয়ে নিতেRead More



Comments are Closed