Main Menu

সিলেটে আইসিসিআর স্কলারশিপ ২০২৬-২৭-এর ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: ভারত সরকারের ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর) স্কলারশিপ ২০২৬-২৭-এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের জন্য সিলেটস্থ ভারতীয় সহকারী হাই কমিশন সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে এক বর্ণাঢ্য প্রোগ্রামের আয়োজন করে।

শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থী, বিশিষ্ট শিক্ষাবিদ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ভারতীয় সহকারী হাই কমিশনের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে আইসিসিআর স্কলারশিপ কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন এবং এই গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণের জন্য ভারত সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান।

অনুষ্ঠানের শুরুতে ভারতীয় সহকারী হাই কমিশন, সিলেটের দ্বিতীয় সচিব রাজেশ ভাটিয়া স্বাগত বক্তব্য প্রদান করেন। তিনি আইসিসিআর স্কলারশিপ কর্মসূচির উদ্দেশ্য ও তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থীদের নতুন শিক্ষাজীবনে আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে এগিয়ে যাওয়ার আহবান জানান।

ভারতীয় সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস তাঁর বক্তব্যে আইসিসিআর স্কলারশিপ ২০২৬-২৭-এর জন্য নির্বাচিত সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন জানান এবং তাঁদের সফল শিক্ষাজীবন ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন যে, এই শিক্ষা বিনিময় কর্মসূচি ভবিষ্যতেও বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে বন্ধুত্ব, পারস্পরিক বোঝাপড়া এবং সহযোগিতার সম্পর্ককে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Manual1 Ad Code

তিনি আরো বলেন, শিক্ষা দুই প্রতিবেশী দেশের মধ্যে বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সহযোগিতার অন্যতম শক্তিশালী ভিত্তি। তিনি আশা প্রকাশ করেন, শিক্ষার্থীরা উচ্চশিক্ষা শেষে অর্জিত জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা দেশের উন্নয়ন এবং মানবসম্পদ বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

Manual6 Ad Code

তিনি শিক্ষার্থীদের অধ্যবসায়, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজেদের শিক্ষাজীবন পরিচালনার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেট্রোপলিটন ইউনিভার্সিটি, সিলেটের উপাচার্য প্রফেসর ডা. মোহাম্মদ জহিরুল হক। তিনি বলেন, ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। ভারতে উচ্চশিক্ষার সুযোগ পাওয়া গর্বের ও সম্মানের বিষয়। তিনি শিক্ষার্থীদের ভারতে অবস্থানকালে বাংলাদেশের যোগ্য প্রতিনিধি হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

Manual4 Ad Code

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর ডা. এ. এস. এম. মাহবুব আইসিসিআর স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশ বৃহত্তর ভারতীয় সভ্যতার একটি অবিচ্ছেদ্য অংশ। তিনি শিক্ষার্থীদের ভারতীয় জ্ঞান, বিজ্ঞান ও গবেষণা চর্চার অংশীদার হয়ে অর্জিত অভিজ্ঞতা বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে কাজে লাগানোর আহ্বান জানান।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক জাফির সেতু বলেন, ভারতে অধ্যয়ন কেবল ডিগ্রি অর্জনের সুযোগ নয়, বরং একটি সুবিশাল ও বহুমাত্রিক দেশের সংস্কৃতি, চিন্তা ও অভিজ্ঞতার সঙ্গে পরিচিত হওয়ার এক অনন্য ক্ষেত্র। তিনি আশা প্রকাশ করেন, আইসিসিআর স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীরা তাঁদের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা ভবিষ্যতে বাংলাদেশের শিক্ষা, গবেষণা ও উন্নয়নে কার্যকরভাবে কাজে লাগাবেন।

এ বছর সিলেট অঞ্চল থেকে বেশ কিছু মেধাবী বাংলাদেশি শিক্ষার্থী আইসিসিআর স্কলারশিপের আওতায় ভারতের বিভিন্ন প্রখ্যাত বিশ্ববিদ্যালয় ও প্রকৌশল শিক্ষাপ্রতিষ্ঠানে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নের জন্য নির্বাচিত হয়েছেন। তাঁরা আইআইটি মাদ্রাস, এনআইটি শিলচর, এনআইটি চণ্ডীগড়, দিল্লি টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি, দিল্লি বিশ্ববিদ্যালয়, মুম্বাই বিশ্ববিদ্যালয়, পাঞ্জাব বিশ্ববিদ্যালয়সহ ভারতের বিভিন্ন স্বনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নের সুযোগ লাভ করেছেন।

অনুষ্ঠানে তাঁদের এই সাফল্যের জন্য অভিনন্দন জানানো হয় এবং ভারতে উচ্চশিক্ষা গ্রহণের বিভিন্ন দিক সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

Manual5 Ad Code

অনুষ্ঠানের শেষ পর্বে আইসিসিআর স্কলারশিপ ২০২৬-২৭-এর নির্বাচিত শিক্ষার্থীরা একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code