এইচএসসি পরীক্ষার্থীদের নতুন কর্মসূচি ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: দুর্যোগের কারণে এইচএসসি পরীক্ষা স্থগিত করা ও শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন।
বুধবার (১৫ জুলাই) ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করবেন তারা।
মঙ্গলবার(১৪ জুলাই) বেলা তিনটার দিকে রাজধানীর উত্তরার আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়।
কর্মসূচি ঘোষণার সময় আন্দোলনে অংশ নেওয়া সাধারণ শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের পদত্যাগ দাবি করে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন। পরে বুধবার মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি ঘোষণা দিয়ে উত্তরা বিএনএস সেন্টারের সড়ক থেকে সরে যান তারা।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবিগুলো কেবল রাজধানীর নয়, দেশের সব কলেজের শিক্ষার্থীদের পক্ষে উত্থাপন করা হয়েছে। চলমান প্রাকৃতিক দুর্যোগে দেশের সব অঞ্চলের শিক্ষার্থীর জন্য সমানভাবে পরীক্ষায় অংশ নেওয়া সম্ভব হয়নি। তাই সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে অবিলম্বে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া উচিত।
শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে গত ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের আবার পরীক্ষার সুযোগ দেওয়া এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ।
এদিকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় ব্যাপক বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে হিমশিম খেতে দেখা গেছে। দুপুরের দিকে নীলক্ষেত থেকে টিএসসিগামী সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। সেখানে পুলিশ ও আন্দোলনকারীদের মুখোমুখি অবস্থানের মধ্যে এক পাশে ছাত্রদলের নেতা-কর্মীদেরও অবস্থান নিতে দেখা যায়।
এর আগে দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় তারা ‘দফা এক, দাবি এক—মিলনের পদত্যাগ’, ‘আমাদের ন্যায্য দাবি মানতে হবে, মানতে হবে’, ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’ এবং ‘অ্যাকশন, অ্যাকশন—ডাইরেক্ট অ্যাকশন’ ইত্যাদি স্লোগান দেন। দুপুরের দিকে সড়ক ছাড়লেও বিকেল পৌনে চারটার দিকে ফের সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। ওই এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ থাকায় তীব্র ভোগান্তিতে পড়েন সাধারণ পথচারী ও যাত্রীরা।
এর আগে সোমবার (১৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে ‘কলেজ নেটওয়ার্ক’ নামের একটি ফেসবুক পেজে প্রথমে এই আন্দোলনের প্রচারপত্র প্রকাশ করা হয়। পরে বিভিন্ন কলেজভিত্তিক ফেসবুক গ্রুপ ও পেজেও একই কর্মসূচির প্রচার করা হয়।
Related News
যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের জরুরি বার্তা দিল দূতাবাস
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে অবস্থানের অনুমোদিত সময়সীমার চেয়ে বেশি থাকলে ভবিষ্যতে দেশটি ভ্রমণের ওপর স্থায়ীRead More
সাভারে মাদরাসা ছাত্রী নিখোঁজের ৬ দিনেও সন্ধান মেলেনি
বৈশাখী নিউজ ডেস্ক: সাভারের হেমায়েতপুরে যাদুরচর এলাকার আয়েশা সিদ্দিকা রাযি বালিকা মাদ্রাসার পঞ্চম শ্রেণীর ছাত্রীRead More



Comments are Closed