Main Menu

সিলেটে ৬৪৭ বোতল বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর জালালাবাদ থানা পুলিশের অভিযানে ৬৪৭ বোতল বিদেশী মদ ও একটি পিকআপসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল আনুমানিক ৬টার দিকে জালালাবাদ থানাধীন তেমুখি পয়েন্টে চেকপোস্ট ডিউটির সময় এসআই (নিঃ) রিয়াজ আহম্মদ সঙ্গীয় ফোর্সসহ অবস্থানকালে এসএমপি কন্ট্রোল ও থানার বেতার মারফত তথ্য পান যে, একটি নীল-হলুদ রঙের পিকআপ গাড়ি এয়ারপোর্ট থানা এলাকার চেকপোস্ট অমান্য করে আম্বরখানা হয়ে মদিনা মার্কেটের দিকে দ্রুতগতিতে আসছে। এ সময় এয়ারপোর্ট থানা পুলিশের একটি টহল দল গাড়িটিকে ধাওয়া করছিল।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তেমুখি চেকপোস্টে ব্যারিকেড স্থাপন করে গাড়িটি থামানোর চেষ্টা করা হলে চালক ব্যারিকেড ভেঙে সুনামগঞ্জ রোডের দিকে পালিয়ে যায়। পরে পুলিশ ধাওয়া করে এবং অন্য একটি টহল দলের সহায়তায় জালালাবাদ থানাধীন টুকেরবাজার ইউনিয়নের হাজী আব্দুস ছাত্তার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে পাকা সড়কে গাড়িটি আটক করতে সক্ষম হয়।

এ সময় গাড়ির চালক পালিয়ে গেলেও চালকের পাশের আসনে থাকা মো. অলি (৩৫), পিতা-জলিল মৃধা, গ্রাম-নমোকান্দি, ডাকঘর-পাচ্চর, থানা-শিবচর, জেলা-মাদারীপুরকে আটক করা হয়।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে গাড়িটি তল্লাশি করে বিভিন্ন ব্র্যান্ডের মোট ৬৪৭ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয় এবং পিকআপসহ সকল আলামত জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি অবৈধভাবে মাদক পরিবহন ও ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানায়।

এ তথ্য নিশ্চিত করে এডিসি (মিডিয়া) মনজুরুল আলম জানান, এ ঘটনায় জালালাবাদ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিকে আদালতে সোপর্দ করা হবে এবং পলাতক চালককে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Share





Related News

Comments are Closed