Main Menu

তেলের ডিপোতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বিভিন্ন স্থানে জ্বালানি তেল সরবরাহ নিয়ে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে প্রধান তেল ডিপোগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৯ মার্চ) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

বার্তায় বলা হয়, জ্বালানি তেল বিপণনে সাম্প্রতিক পরিস্থিতিতে দেশের বিভিন্ন ডিপো থেকে কিছু ক্ষেত্রে ডিলারদের আকস্মিক বর্ধিত চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এর ফলে কিছু স্থানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে।

জ্বালানি তেল বিপণন কোম্পানির সূত্রে জানা গেছে, বিশেষ করে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গায় অবস্থিত প্রধান স্থাপনা ছাড়াও খুলনার দৌলতপুর, সিরাজগঞ্জের বাঘাবাড়ি, নারায়ণগঞ্জের গোদনাইল ও ফতুল্লা, দিনাজপুরের পার্বতীপুর এবং বরিশাল ডিপোতে নিরাপত্তা জোরদারের প্রয়োজন দেখা দিয়েছে।

মন্ত্রণালয় জানায়, এসব ডিপো গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে কেপিআইভুক্ত হওয়ায় জরুরি ভিত্তিতে তাদের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। এ কারণে উল্লিখিত স্থাপনাগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

Share





Related News

Comments are Closed