জাবি হলের কক্ষ থেকে ২১ বোতল বিদেশি মদ জব্দ, ছাত্রদল কর্মী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের একটি কক্ষ থেকে ২১ বোতল বিদেশি মদসহ এক ছাত্রদল কর্মীকে আটক করেছে হল প্রশাসন।
রবিবার (৪ জানুয়ারি) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হলের ৭২৩ নম্বর কক্ষে অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়।
অভিযানে আটক শিক্ষার্থীর নাম মো. ফজলে আজওয়াদ (২২)। তার বাড়ি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার তারাটিয়া গ্রামে।
তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের (৫২তম ব্যাচ) সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী এবং মীর মশাররফ হোসেন হলের বৈধ আবাসিক ছাত্র।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানায়, আটক আজওয়াদ ছাত্রদল জাবি শাখার সক্রিয় কর্মী এবং সংগঠনের আহ্বায়ক সদস্য রাজু হাসান রাজনের অনুসারী হিসেবে পরিচিত।
এছাড়া তিনি গত বছরের ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত জাকসুর হল সংসদ নির্বাচনে মীর মশাররফ হোসেন হল সংসদে ছাত্রদলের প্যানেল থেকে সমাজসেবা সম্পাদক পদে প্রার্থী ছিলেন।
হল প্রশাসন জানায়, রাত আনুমানিক ১০টার দিকে নজরুল ইসলাম হলের প্রভোস্ট অধ্যাপক আব্দুর রাজ্জাকের নেতৃত্বে ওই কক্ষে তল্লাশি চালানো হয়। এসময় কক্ষ থেকে ১৭ বোতল ভদকা ও ৩ বোতল হুইস্কিসহ মোট ২০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
অভিযানের শুরুতে ২১ বোতল থাকার তথ্য পাওয়া গেলেও প্রাথমিক জব্দ তালিকায় ২০ বোতল উল্লেখ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শিক্ষার্থী দাবি করেন, “মদগুলো তিনি ব্যক্তিগত ব্যবহারের জন্য নিজের গ্রামের বাড়ি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলা থেকে এনেছেন।”
পরে তিনি জানান, “থার্টি ফার্স্ট নাইট উদযাপনের উদ্দেশ্যে জামালপুরের সীমান্তবর্তী এলাকা থেকে প্রতিটি বোতল ৭০০ টাকা দরে মদগুলো সংগ্রহ করেন।”
এ বিষয়ে হলের প্রভোস্ট অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুর রাজ্জাক বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে আমরা তাৎক্ষণিক অভিযান চালাই এবং কক্ষ থেকে বিদেশি মদ উদ্ধার করি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হবে। তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধি অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
অন্যদিকে মীর মশাররফ হোসেন হলের প্রভোস্ট জানান, “আটক শিক্ষার্থী ওই হলের এ ব্লকের ১৩৯ নম্বর কক্ষে বরাদ্দপ্রাপ্ত হলেও কক্ষের অবস্থা দেখে মনে হয়েছে তিনি দীর্ঘদিন সেখানে অবস্থান করছিলেন না। আপাতত তার কক্ষটি বাজেয়াপ্ত করা হয়েছে এবং ছাত্র বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে, মাদক উদ্ধারের ঘটনায় আটক শিক্ষার্থীকে ছাত্রদলের কর্মী হিসেবে উল্লেখ করে প্রকাশিত কিছু সংবাদকে মিথ্যা ও বিভ্রান্তিকর বলে দাবি করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল জানায়, আটক শিক্ষার্থীর সঙ্গে জাবি ছাত্রদলের কোনো সাংগঠনিক সম্পৃক্ততা নেই।
সোমবার সকালে সংগঠনটির দপ্তর সম্পাদক আব্দুল্লাহ অন্তর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল থেকে মো. ফজলে আজওয়াদ নামের এক শিক্ষার্থীকে ২১ বোতল বিদেশি মদসহ আটক করা হয়েছে। তবে আটকের পর থেকে কয়েকটি সংবাদমাধ্যমে তাঁকে ছাত্রদলের কর্মী হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। আটক শিক্ষার্থী ছাত্রদলের কোনো কর্মী বা পদধারী নন। তিনি কখনোই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কোনো পদে ছিলেন না এবং সংগঠনটির সঙ্গে তাঁর ন্যূনতম কোনো সম্পর্কও নেই।”
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, “বিগত জাকসু নির্বাচনে হল পর্যায়ে তারা সবার জন্য উন্মুক্ত প্যানেল গঠন করেছিল। সে সময় অরাজনৈতিক শিক্ষার্থীরাও চাইলে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পেয়েছিলেন। সংগঠনটির ভাষ্য, এ উদ্যোগের লক্ষ্য ছিল ছাত্ররাজনীতিকে আরও অন্তর্ভুক্তিমূলক ও বিস্তৃত পরিসরে এগিয়ে নেওয়া। কোনো ব্যক্তির ব্যক্তিগত কর্মকাণ্ডের দায় অযৌক্তিকভাবে কোনো সংগঠনের ওপর চাপিয়ে দেওয়া উচিত নয়। পাশাপাশি মাদক উদ্ধারের ঘটনায় রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন অনুযায়ী দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল।”
Related News
শাহজালাল বিমানবন্দরে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে পিকআপ দুর্ঘটনায় বিমানবাহিনীরRead More
মোটরসাইকেলে ঘুরতে গিয়ে প্রাণ গেল তিন বন্ধুর
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধুRead More



Comments are Closed