Main Menu

সাংবিধানিক আইনে ‘শাপলা’ প্রতীক না থাকায় দেয়া যাচ্ছে না : নির্বাচন কমিশনার

বৈশাখী নিউজ ডেস্ক: সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী প্রতীকের তালিকায় শাপলা প্রতীক না থাকায় এনসিপি কে সেই প্রতীক দেয়া যাচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম।

রোববার (১৯ অক্টোবর) সকালে সিলেট পুলিশ লাইনসে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে আয়োজিত প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ গ্রহণ করতে পারবে না এমন মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ইসি মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, ‘আইনগতভাবে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত রয়েছে। যেহেতু বর্তমানে আওয়ামী লীগ একটি স্থগিত দল। এই স্থগিত দল হওয়া মানে তাদের সকল কার্যক্রম স্থগিত তাই আগামী নির্বাচনে তারা অংশ গ্রহণ করতে পারবে না।’

এ সময় তিনি আরো বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

সবার সহযোগিতায় সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি বলেন, অতীতের মতো নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই। পাশাপাশি বিতর্কিত কেউ আগামী নির্বাচনী দায়িত্বে থাকতে পারবেন না বলেও জানান তিনি।

নির্বাচন কমিশন কারো পক্ষপাতিত্ব বরদাস্ত করবে না বলে জানিয়ে ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, আমাদের একটাই লক্ষ্য একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করা। তাই পারস্পরিক সমন্বয় ও সহযোগিতার মাধ্যেম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো আইন অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে।

এ সময় পুলিশকে উদ্দেশ্য করে তিনি বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে এককভাবে বুকে হাত দিয়ে বলতে পারবে না, আমাদের কোনো কলংক নেই। বিগত সময়ের দাগ সব বিভাগেই আছে। আমাদের যে আস্থা আর সমন্বয়য়ের সংকট তা কাটিয়ে উঠতে হবে।

Share





Related News

Comments are Closed