Main Menu

সিলেটের কীন ব্রীজে মোটরসাইকেল চলাচল বন্ধের প্রস্তাব স্থগিত

বৈশাখী নিউজ ডেস্ক: দক্ষিণ সুরমা এলাকাবাসী, রাজনৈতিক ও পরিবহণ নেতৃবৃন্দের চাপের কারণে কীন ব্রীজে মোটরসাইকেল চলাচল বন্ধের প্রস্তাব আপাতত স্থগিত রেখেছে সিলেট জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম জানান, জনগণের দাবির প্রেক্ষিতে এই মুহূর্তে মোটরসাইকেল চলাচল বন্ধের কোনো নির্দেশনা দেওয়া হবে না। তবে, ব্রীজে ভাসমান হকার উচ্ছেদে শিগগির অভিযান চালানো হবে।

গত সপ্তাহে জেলা প্রশাসক জানান, কীন ব্রীজ থেকে হকার উচ্ছেদ এবং মোটরসাইকেল চলাচল বন্ধ করা হবে। বিষয়টি প্রকাশ হওয়ার পর দক্ষিণ সুরমার ২৫, ২৬ ও ২৭ নং ওয়ার্ডের বাসিন্দাসহ সাধারণ মানুষ এই সিদ্ধান্তের বিরোধিতা করেন।

বৃহস্পতিবার দক্ষিণ সুরমাবাসী জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করে ব্রীজে মোটরসাইকেল চলাচল বন্ধের প্রস্তাব বাতিলের দাবি জানান। স্মারকলিপিতে বলা হয়, কীন ব্রীজ সুরমা নদীর দুই তীরের জনগণের গুরুত্বপূর্ণ যাতায়াত পথ এবং বন্ধ হলে শিক্ষার্থী, কর্মজীবী ও সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়বেন।

স্মারকলিপি গ্রহণের পর জেলা প্রশাসক স্থানীয় রাজনৈতিক ও পরিবহণ নেতাদের সঙ্গে আলোচনায় বসেন। সভায় ট্রাক মালিক গ্রুপ, শ্রমিক ইউনিয়ন, বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক নেতারা প্রস্তাব বাতিলের জন্য অনুরোধ জানান।

এর প্রেক্ষিতে জেলা প্রশাসক ঘোষণা দেন, কীন ব্রীজে মোটরসাইকেল চলাচল আপাতত বন্ধ করা হবে না, তবে হকার উচ্ছেদে শিগগির পদক্ষেপ নেওয়া হবে।

Share





Related News

Comments are Closed