Main Menu

সিলেটে ভাতিজার ছুরিকাঘাতে মাদরাসা শিক্ষক খুন

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ভাতিজার ছুরিকাঘাতে মাওলানা জুবায়ের আহমদ (৪৮) নামে এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন। বাজে ছেলেদের সাথে চলতে নিষেধ ও শাসন করার জের ধরে ছুরিকাঘাত করা হয় তাকে।

বুধবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেছনে বড়গুল এলাকায় এ ঘটনা ঘটে।

আর তার ঘাতক নয়ন আহমদ নিহতের সম্পর্কে ভাতিজা এবং একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

নিহত মাওলানা জুবায়ের আহমদ (৪৮) সিলেটের জালালাবাদ থানাধীন আখালিয়া বড়গুল এলাকার মৃত মদরিছ আলীর ছেলে ও স্থানীয় ডা. তানজিনা আহমেদ দাখিল মাদরাসার সুপার।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মাওলানা জুবায়ের ভাতিজা নয়নকে অভিভাবক হিসেবে শাসন করতেন। তাকে বাজে ছেলেদের সাথে চলাফেরা করতে নিষেধ করতেন। এ নিয়ে নয়নের সাথে মাঝেমধ্যে তার কথা কাটাকাটি হতো। বুধবার সকালে জুবায়ের মাদ্রাসায় যাওয়ার সময় নয়নও পাশ দিয়ে যচ্ছিলো। এসময় রাস্তায় জমে থাকা ময়লা পানি জুবায়ের আহমদের গায়ে ছিটা দেয় নয়ন। এতে তাঁর কাপড় নস্ট হয়ে যায়। এ নিয়ে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে নয়ন অতর্কিতে চাকু দিয়ে তার উপর হামলা চালালে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন জুবায়েরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নিহত মাদ্রাসা শিক্ষকের পরিবার ও সহকর্মীরা জানান, বাকবিতন্ডার জেরে জুবায়েরকে হত্যা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুন অর রশীদ চৌধুরী।

তিনি বলেন, পারিবারিক বিরোধের জেরে জুবায়ের নামে একজন ছুরিকাঘাতে নিহত হয়েছেন। বর্তমানে তার মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। তিনি বলেন, আসামীকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় সিলেট সদর উপজেলার খাদিমনগর জাতীয় উদ্যানের পাশে আজাদুর রহমান নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। ৭ আগস্ট নগরীর কিনবিজ এলাকায় খুন হন ডালিম আহমদ নামে আরেক যুবক। আর গত ৯ আগস্ট মধ্যরাতে গোলাপঞ্জের কদমতলা এলাকায় ছুরিকাঘাতে খুন হন যুবদল কর্মী রনি হোসাইন।

 

Share





Related News

Comments are Closed