সিলেটে ছাদ থেকে ফেলে হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অপহরণের পর মুক্তিপণ না পাওয়ায় ছাদ থেকে ফেলে দিয়ে আবুল হাসান হত্যা মামলায় পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার (৮ আগস্ট) রাতে র্যাব-৯, সিলেট এবং র্যাব-৩ এর যৌথ অভিযানে ঢাকার ধানমন্ডি ও সিলেট নগরীতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
শনিবার র্যাব-৯ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, সিলেটের কানাইঘাট থানার পূর্ব কাড়াবাল্লা গ্রামের মো. আব্দুল মজিদের ছেলে মো. নাজমুল হোসেন ওরফে রায়হান (২০) ও সুনামগঞ্জের ধর্মপাশা থানার রাজাপুর গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে রাজু আহমদ (১৮)।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জানা যায়, ২০২৪ সালে ঈদুল আযহার পরের দিন (১৮ জুন) রাত সাড়ে ৯টার দিকে অসুস্থ বোনকে দেখতে সিলেট আসেন গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর এলাকার পূর্বভাগ কলাশহর গ্রামের মৃত ইলিয়াস আলীর ছেলে আবুল হাসান। সাথে ছিলেন তার চাচাতো ভাই মিনহাজ। বোনকে হাসপাতালে দেখতে যাওয়ার কথা থাকলেও সিএনজিচালক ও গাড়িতে থাকা আরেক যাত্রী তাদেরকে অপহরন করে নিয়ে যান আম্বরখানাস্থ ব্রিটানিয়া হোটেলের পাশে। সেখানে একটি ৫ম তলা ভবনের ছাদে নিয়ে তাদেরকে কিল-ঘুষি মেরে অস্ত্রের মুখে জিম্মি করা হয়। সেখানে এলোপাতাড়ি মারধর করে তাদের সঙ্গে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় অপহরণকারীরা।
পরবর্তীতে তারা আবুলের কাছে আরও পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ দিতে অস্বীকৃতি জানালে আবুলকে নির্মমভাবে মারধর করে এবং একপর্যায়ে ছাদ থেকে ধাক্কা দিলে তিনি নিচের একটি টিনশেড বাসার ওপর পড়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় আবুল হাসানকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে পরদিন (১৯ জুন) সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহতের স্বজনরা জানান, আবুল হাসান যুক্তরাষ্ট্র যাওয়ার সব প্রক্রিয়া সম্পন্ন করে ভিসার জন্য অপেক্ষায় ছিলেন। কিন্তু এর মধ্যেই অপহরণকারীরা তার প্রাণ কেড়ে নিলো।
এ ঘটনায় নিহত আবুল হাসানের বড় ভাই খালেদ আহমদ সিলেট কোতোয়ালি থানায় মামলা করেন। ৫ দিন পর ২৩ জুন নগরীর কাজীটুলা মক্তবগলি এলাকা থেকে রায়হান আহমদ নামে একজনকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার উবায়দুল হকের পুত্র। রায়হান আদালতে ১৬৪ ধারা স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন এবং তার সাথে থাকা অন্য সহযোগীদের নাম পরিচয় জানান। এর প্রেক্ষিতে র্যাব অভিযান চালিয়ে শুক্রবার ২ জনকে গ্রেফতার করে। রায়হান আহমদ বর্তমানে কারাগারে রয়েছেন বলে জানিয়েছে র্যাব-৯ মিডিয়া অফিসার (অতিঃ পুলিশ সুপার) কে এম শহিদুল ইসলাম সোহাগ।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে র্যাব-৯ ও র্যাব-৩ এর যৌথ দল রাজধানীর ধানমন্ডি থানাধীন এলাকায় অভিযান চালিয়ে মামলার পলাতক আসামী মো. নাজমুল হোসেন ওরফে রায়হানকে গ্রেপ্তার করে।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ১১টার দিকে সিলেট নগরীর মজুমদারি কোনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে একই মামলার অপর পলাতক আসামী রাজুকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতদের সিলেট কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News
সিলেটে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে অরাজনৈতিক ও অসাম্প্রদায়িকRead More
সিলেটে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদ করায় অটোরিকশাচালক জেলে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এয়ারপোর্ট থানাধীন মহালদিক হিলুয়াছড়ায় স্লুইস গেট ও সেতুর নিচ থেকে অবৈধভাবেRead More



Comments are Closed