Main Menu

সিলেটে চাচার বসতঘর থেকে কিশোরের মরদেহ উদ্ধার

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে বসতঘর থেকে মো. সাইম আহমদ (১৭) নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭ নভেম্বর) রাত ৯টায় বিশ্বনাথ পৌরশহরের জানাইয়া নোয়াগাঁও গ্রামের তাহির মিয়ার বসতঘর থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

সাইম আহমদ নোয়াগাঁও গ্রামের মো. নিজাম উদ্দিনের ছেলে।

স্থানীয় লোকজন জানান, তাহির মিয়া কিশোর সাইমের চাচা (পিতার চাচাতো ভাই) হওয়ার সুবাদে তাদের বাড়িতেই থাকতো সে। সহযোগিতা করতো সাংসারিক কাজে। ঘটনার দিন বিকেলে তাকে বাড়িতে রেখে পার্শ্ববর্তী নিজেদের পুরাতন বাড়িতে (সাইমদের বাড়ি) বেড়াতে যান তার চাচী। ওই সময় উপজেলা সদরে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন চাচা তাহির মিয়া।

পরে রাত সাড়ে ৯টায় গৃহকর্ত্রী বাড়ি ফিরে দেখেন তালাবদ্ধ বাড়ির গেট। ডাকাডাকি করে ভেতরে সাইমের কোনো সাড়া না পেয়ে চাচা তাহির মিয়াকে ফোনে জানানো হয়। খবর পেয়ে তাহির মিয়াসহ ভিকটিমের মায়ের
উপস্থিতিতে তালা ভেঙ্গে বসত ঘরে প্রবেশ করেন তারা। তখন একটি বেডরুমে সিলিং ফ্যানের রডের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল মিয়া বলেন, এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা জানতে ঘটনাটির তদন্ত চলছে। বাড়ির মালিক ও ভিকটিমের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মৃতুর সঠিক কারণ বের করতে মরদেহের ময়নাতদন্ত করা হবে। তদন্ত রিপোর্টের আলোকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

Share





Related News

Comments are Closed