Main Menu

মহানবীকে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি, শাবি শিক্ষার্থীদের প্রতিবাদ

বৈশাখী নিউজ ডেস্ক: বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটুক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং সেই কটূক্তিকে বিজেপি নেতার সমর্থন করার প্রতিবাদে সমাবেশ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে প্রতিবাদ সমাবেশ করেন তারা।

বিশ্বনবীকে কটুক্তির নিন্দা জানিয়ে শিশির হোসাইন নামের এক শিক্ষার্থী বলেন, মানবতার শ্রেষ্ঠ মহামানব হযরত মোহাম্মদ সা. কে অপমান করার মধ্যে দিয়ে মানবতার আদর্শকে অপমান করা হয়। পৃথিবীর কোনো ধর্ম’ই অন্য ধর্মকে কটুক্তি করতে শেখায় না। যারা এসব করে তারা উগ্র। এসব ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানান শিক্ষার্থীরা।

এসময় কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করা যাবে না এবং ভারতের মাইনরিটি মুসলিমদের ধর্মীয় স্বাধীনতার দাবি জানান তারা।

এবিষয়ে পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান মুত্তাক্বিন বলেন, বারবার দেখতে পাওয়া যাচ্ছে যে ভারতে শাসকগোষ্ঠী বিজেপি দ্বারা সংখ্যালঘু বিশেষ করে মুসলিমরা নির্যাতনের স্বীকার হচ্ছে। নিজেদের ভোটব্যাংক ভারী করার জন্য বিজেপি ইচ্ছেকৃত ভাবে ধর্মীয় বিদ্বেষ উস্কে দিচ্ছে। এমনকি দিন দিন ভারতে সংখ্যালঘু নির্যাতন বৃদ্ধি পাচ্ছে। এজন্য আমরা চাই ভারতে সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করা হোক এবং ধর্মীয় উগ্রপন্থীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক।

শাবিপ্রবির সাবেক শিক্ষার্থী মুহাম্মদ রিয়াদ বলেন, রাসুলুল্লাহ সাঃ পৃথিবীর ১৭০ কোটি মুসলিমের শ্রদ্ধা এবং ভালোবাসার পাত্র। তাঁর অবমাননায় আমরা ব্যথিত হই। তাই যতবারই আল্লাহর রাসুলকে নিয়ে অবমাননাকর মন্তব্য করা হবে আমরা এর প্রতিবাদ জানাবো। ভারতসহ পশ্চিমা দেশগুলোর উচিত মহানবী হজরত মুহাম্মদ সা: কটুক্তি বা অবমাননা বন্ধে কঠোর আইন প্রণয়ন করা। এতে মুসলিম বিশ্বের সাথে তাদের সম্পর্কও ভালো হবে।

নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সামিউর রহমান বলেন, হযরত মোহাম্মদ (সাঃ) এমন একজন ব্যাক্তি, যিনি পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত আগত অনাগত সব মানুষের আইডল। আমরা মুসলমানরা এটা মনেপ্রাণে উনার সবকিছু বিশ্বাস করি এবং উনার আদর্শকে ধারণ করতে চাই। এমনকি অন্যান্য ধর্মাবলম্বীর অনেকে উনার আদর্শকে সম্মান করেন, ধারণ করেন। কিন্তু ভারতে একজন পুরোহিত যেভাবে আমাদের নবিজীকে নিয়ে কটুক্তি করেছে এটা কোনো ভাবেই আমরা মেনে নিতে পারি না একজন মুসলমান হিসেবে। আমরা এর বিরুদ্ধে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই।

তিনি আরোও বলেন, আমরা আশা রাখি ভারতবর্ষের সরকার উনার বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবেন এবং সারা বিশ্বের বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের কাছে উনার শাস্তি দৃষ্টান্ত হয়ে থাকবে, যেন পরবর্তীতে আর কেউ কখনো নবীজীকে নিয়ে কটুক্তি করার সাহস না পায়। আর এই পুরোহিত বিশ্বের সব মুসলমানদের কাছে ক্ষমা চাইতে হবে। উনার এই কথাকে সমর্থন দিয়েছে ভারতের রাজনৈতিক দল বিজেপি। এর তীব্র নিন্দা জানাই। পুরোহিতের সাথে এই দলকেও ক্ষমা চাইতে হবে এবং একই সাথে এই দলেরও জবাবদিহিতার ব্যবস্থা করতে হবে।

বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন থাকবে এই বিষয়ে যেন অফিসিয়ালি নিন্দা জানায় এবং ভারত সরকারকে, পুরোহিতকে বিচারের আওতায় আনার জন্য যেন লিগ্যাল নোটিশ প্রেরণ করেন। আমরা মুসলিম জাতি, হযরত মোহাম্মদ (সাঃ) এর অনুসারী, আমরা সাম্যে বিশ্বাসী। আমরা চাই সারা পৃথিবীর মানুষ যেন সমতা, সৌহার্দ্য, ভাতৃত্ব, এবং শান্তিতে একসাথে বসবাস করতে পারে৷

 

Share





Related News

Comments are Closed