Main Menu

সিলেটে প্রতিপক্ষের আঘাতে পল্লী চিকিৎসকের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সদর উপজেলার সাহেবের বাজারে জমির ফসল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে নিজাম উদ্দিন (৪০) নামক এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। নিহত নিজাম উদ্দিন ঐ এলাকার ঘোরামারা গ্রামের মৃত বশির উদ্দিনের পুত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (৯ এপ্রিল) সকাল ৬টার দিকে জমি সংক্রান্ত বিরোধে খাদিমনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাহেবের বাজার ঘোড়ামারা গ্রামের দুটি পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের আঘাতে সাহেবের বাজারের পল্লী চিকিৎসক ডাঃ নিজাম উদ্দিন (৪০) ঘটনাস্থলেই নিহত হন। আহত হন কমপক্ষে ২০ জন।

আহতদের সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে । তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মোহাম্মদ মাঈনূল জাকির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জমি সংক্রান্ত বিরোধে দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে নিজাম উদ্দিন নামের এক পল্লী চিকিৎসক নিহত হন। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

তিনি জানান, পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

Share





Related News

Comments are Closed