Main Menu

শাবিতে কোনোভাবেই র‍্যাগিং সহ্য করা হবে না : শাবি ভিসি

বৈশাখী নিউজ ডেস্ক: বিশ্ববিদ্যালয়ের গুণগত মান বজায় রাখা আমাদের এখন আসল কাজ জানিয়ে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন শিক্ষার্থীদের পড়াশোনার গুণগত মান বাড়িয়ে সত্যিকার অর্থে দেশে ও বিদেশে অর্থনৈতিকসহ অন্যান্য কর্মকান্ডে অংশীদার হতে পারে সে বিষয়ে আমাদের বিশেষ নজর রাখতে হবে।

রবিবার (২০ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনে ভর্তি হওয়া স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীবরণ প্রথম পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

এসময় তিনি বলেন, সরকার থেকে আমাদের প্রতি নির্দেশনা আছে আমরা আর শিক্ষার্থী বাড়াতে পারবোনা। আমরা চাইবো আমাদের শিক্ষার্থীদের মেধার গুণগত মান ধরে রাখতে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের শৃঙ্খলার মাধ্যমেই পড়াশোনা করতে হবে। আমাদের অবশ্যই স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার আছে। তবে স্বাধীনতা মানে এই না যে স্বেচ্ছাচারিতা করা যাবে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ শিক্ষা ও গবেষণার। আর আমাদের এইজায়গাতে শিক্ষার মান অনেক শক্ত অবস্থানে আছে সাথে সাথে গবেষণায়ও অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে এগিয়ে আছি। চার বছরের সেশনজ্যাম বর্তমানে শূন্যের কোঠায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে আমাদের শিক্ষার্থীরা নির্দিষ্ট সময়ে পড়া-লেখা শেষ করে বিভিন্ন কর্মক্ষেত্রে ভালো অবস্থানে যোগদান করছে। আমরা শিক্ষকেরা শিক্ষার্থী বান্ধব হিসেবে সবসময় শিক্ষার্থীদের পাশেই আছি।

অবকাঠামোগত উন্নয়ন নিয়ে উপাচার্য বলেন, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ২৩টি ভবন নির্মাণ হচ্ছে। আর এইসব বাস্তবায়ন হলে আগামী ১০০ বছরে আমাদের বিশ্ববিদ্যালয়ে কোনোকিছুতে হাত দিতে হবেনা।

র‍্যাগিং ইস্যুতে উপাচার্য বলেন, কেউ যদি কখনো র‍্যাগিংয়ের দিকে যায় তার জন্য কঠোর শাস্তি অপেক্ষা করছে। কোনোভাবেই আমাদের এই নবীন শিক্ষার্থীদের হয়রানি করা যাবেনা। গত চারবছর এখানে কোনো র‍্যাগিং ছিলনা। এর আগে একটা ভয়াবহ অবস্থা ছিল, এই থেকে আমরা বের হয়ে এসেছি। র‍্যাগিং বন্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সবসময় নবীন শিক্ষার্থীদের পাশে আছে।

নবীন বরণ অনুষ্ঠান দুইটি পর্বে অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে নয়টায় বিজ্ঞান অনুষদ (এ-ইউনিট) এবং বিকেল দুইটায় সামাজিক বিজ্ঞান ও ব্যবসায় প্রশাসন অনুষদ (বি-ইউনিট) এর নবীনবরণ আলাদা আলাদাভাবে অনুষ্ঠিত হয়।

নবীনবরণ অনুষ্ঠানের দুই পর্বেই ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মুশতাক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: আনোয়ারুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে নবীনবরণ আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার, ভর্তি কমিটির সদস্য সচিব সহযোগী অধ্যাপক আব্দুলাহ আল হোসাইনী, ছাত্রকল্যাণ উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক আমিনা পারভীন, ভারপ্রাপ্ত প্রক্টর আবু হেনা পহিল, রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ বক্তব্য রাখেন। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সিনিয়র শিক্ষক-কর্মকর্তাগণ নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed