Main Menu

টানা ৬দিন ধরে সর্বোচ্চ তাপমাত্রা সিলেটে, আরো বাড়বে

বৈশাখী নিউজ ডেস্ক: তাপমাত্রা আগের দিনের তুলনায় বেড়ে রোববার সিলেটে সর্বোচচ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গতকাল শনিবার সিলেটে তাপমাত্রা ছিল ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস। যদিও কিছুটা বাতাস থাকায় নগরীতে তেমন গরম অনুভুত হয়নি। এ নিয়ে টানা ৬ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হলো সিলেটে। তাপমাত্রা সামান্য বৃদ্ধির আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

সিলেট সহ দেশের বিভিন্ন স্থানের তাপমাত্রা গত সপ্তাহের মতোই আছে। কিছু ক্ষেত্রে সামান্য বেড়েছে। তবে চলতি সপ্তাহে সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বেশিরভাগ অঞ্চলে আবহাওয়া সাধারণত শুষ্ক থাকতে পারে বলেও জানানো হয়েছে।

জানা গেছে, গত মঙ্গলবার (৮ মার্চ) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস ছিল সিলেটে। বুধবার (৯ মার্চ) ৩৫ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ রেকর্ড হয় সিলেটে। এছাড়া বৃহস্পতিবার (১০ মার্চ) সিলেটে রেকর্ড হয় ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস এবং শুক্রবার (১১ মার্চ) সিলেটে রেকর্ড হয় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে রোববার (১৩ মার্চ) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.০০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হলো সিলেটে।

ঢাকা আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম বলেন, চলতি সপ্তাহে দেশের কয়েকটি স্থানে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। রাতের তুলনায় দিনের তাপমাত্রা কিছুটা বেশি বাড়তে পারে। তবে চলতি সপ্তাহে ঝড় বৃষ্টির কোনও শঙ্কা এখনও পর্যন্ত নেই। তবে এ সময় হুট করেই কালবৈশাখী শুরু হতেও পারে।

এদিকে আবহাওয়া অধিদফতর জানায়, পশ্চিমা অক্ষের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Share





Related News

Comments are Closed