Main Menu

জুনেই যান চলাচলের জন্য উন্মুক্ত হবে পদ্মা সেতু

বৈশাখী নিউজ ডেস্ক: আগামী জুন মাসের মধ্যেই বহুল প্রতীক্ষিত পদ্মা সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এরই মধ্যে সেতুর ৯৬ ভাগ মূল কাজ সম্পন্ন হয়েছে, আর প্রকল্পের সার্বিক অগ্রগতি ৯০ দশমিক ৫০ ভাগ।

মঙ্গলবার (১ ফেব্রয়ারী) সকালে রাজধানীর সেতু বিভাগে বিভিন্ন কর্মকর্তার সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা জানান তিনি। এ সময় চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের অগ্রগতি সম্পর্কে কথা বলেন সেতুমন্ত্রী। তিনি বলেন, টানেলের শতকরা ৮০ ভাগ সম্পন্ন হয়েছে। এ প্রকল্পের কাজ চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে শেষ করার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে।

এ ছাড়া ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের তিনটি ফেজের মধ্যে এয়ারপোর্টে থেকে বনানী পর্যন্ত প্রথম ফেজের শতকরা ৭৮ দশমিক ৫০ ভাগ কাজ শেষ হয়েছে বলেও জানান মন্ত্রী। আর বনানী মগবাজার অংশের অগ্রগতি শতকরা ৩১ ভাগ বলে জানান তিনি। এ প্রকল্পের কাজ আরও দ্রুত এগিয়ে নিতে ওবায়দুল কাদের সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

সেতুমন্ত্রী বলেন, এয়ারপোর্ট-আশুলিয়া-ইপিজেড এক্সপ্রেসওয়ে এবং চার লেন সড়কের কাজ শুরুর প্রস্তুতি শেষ হয়েছে। টেস্ট পাইলিং কাজও শেষ হয়েছে।

সিনহা হত্যা মামলার রায় প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন,‘এ রায়ের মাধ্যমে প্রমাণ হয়েছে শেখ হাসিনা সরকার আইনের শাসনে বিশ্বাসী। আইন সবার জন্য সমান। দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করছে।

পরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেনসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

 

Share





Related News

Comments are Closed