আয়কর রিটার্ন জমার অ্যাপ ডিজিট্যাক্স চালু
বৈশাখী নিউজ ডেস্ক: ঘরে বসেই অনলাইনে স্বয়ংক্রিয় পদ্ধতিতে পূরণ করা যাবে ব্যক্তিগত আয়কর রিটার্ন ফরম ও সম্পদের হিসাব-নিকাশ। সেই সঙ্গে পরিশোধ করা যাবে আয়কর এবং জমা দেওয়া যাবে রিটার্নও। ডিজিট্যাক্স নামে একটি ওয়েব অ্যাপ্লিকেশনের (অ্যাপ) মাধ্যমে আয়কর রিটার্ন দাখিল সহজ হয়ে যাচ্ছে।
ডিজিট্যাক্স নিয়ে এসেছে দেশ ইউনিভার্সাল নামের একটি প্রতিষ্ঠান। শনিবার (২৩ অক্টোবর) রাজধানীর পল্টনে অর্থনৈতিক প্রতিবেদকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) কার্যালয়ে এ অ্যাপটি উদ্বোধন করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য আলমগীর হোসেন।
করদাতারা যাতে সহজেই নির্দিষ্ট তথ্য দিয়ে আয়কর হিসাব করতে পারেন, সে জন্যই এ অ্যাপটি প্রস্তুত করা হয়েছে। আমাদের এ সিস্টেম ব্যবহার করে করদাতারা সহজেই রিটার্ন প্রস্তুত করতে পারবেন বলে জানিয়েছেন দেশ ইউনিভার্সালের কর্মকর্তা সৈয়দা নুসরাত হায়দার।
তিনি আরও বলেছেন, করদাতারা স্বয়ংক্রিয়ভাবে রিটার্ন পূরণ করে নিজে আয়কর অফিসে জমা দিতে পারেন। অথবা যদি গ্রাহক চান, তবে তারা ডিজিট্যাক্সের পেশাদার আইনজীবীর মাধ্যমেও রিটার্ন জমা দিতে পারবেন।
জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য আলমগীর হোসেন বলেছেন, মানুষের মধ্যে কর দেওয়ার আগ্রহ তৈরি হয়েছে। ফলে করদাতার সংখ্যাও বাড়ছে। প্রচলিত পদ্ধতিতে এত বিপুলসংখ্যক কারদাতাকে করসেবা দেওয়া সম্ভব নয়। করদাতাদের সেবা দিতে সবকিছু অনলাইনভিত্তিক ও রিটার্ন দাখিল স্বয়ংক্রিয় পদ্ধতিতে করার বিকল্প নেই।
পেশাদার হিসাববিদদের সংগঠন দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) প্রেসিডেন্ট মাহমুদুল হাসান খসরু বলেছেন, পৃথিবীর সবচেয়ে কঠিনতম একটি আইন হচ্ছে আয়কর আইন; যা প্রতিনিয়ত পরিবর্তন হয়। এক্ষেত্রে ডিজিট্যাক্সের উদ্যোগ প্রশংসনীয়।
ডিজিট্যাক্সের উপদেষ্টা ও দেশ ইউনিভার্সালের নির্বাহী পরিচালক মোসারাত নাইমা, ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম আজিজুর রহমান, ডিজিট্যাক্সের পরিচালক গোলাম শাহরিয়ার, ইআরএফের সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলাম প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন।
Related News
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: শুক্রবার স্বর্ণের দাম কমানোর পর ২৪ ঘণ্টা না যেতেই আবারও দাম বাড়ানোরRead More
ইউনিয়ন পর্যায়েও বসছে ভ্যাট, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মাসে ৫০০ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানকে মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থার আওতায় আনতে নতুনRead More



Comments are Closed