Main Menu

দেশে সয়াবিন তেলের দাম আরও বাড়ল

বৈশাখী নিউজ ডেস্ক: প্রতি লিটারে সয়াবিন তেলের দাম বেড়েছে ৭ টাকা। আগে সয়াবিন তেলের দর ছিল ১৫৩ টাকা, যা বেড়ে ১৬০ টাকা দরে বিক্রি হবে।

মঙ্গলবার (১৯ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়কে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ভোজ্যতেল পরিশোধনকারী ও বনস্পতি উৎপাদক সমিতি।

অপরিশোধিত সয়াবিন ও অপরিশোধিত পাম ওয়েলের দাম আন্তর্জাতিক বাজারে বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা সাপেক্ষে এই দাম নির্ধারণ করা হয়েছে।

এতদিন এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৫৩ টাকা ছিল, যা এখন থেকে ১৬০ টাকায় বিক্রি হবে। এতদিন এক বোতল পাঁচ লিটারের তেলের দাম ছিল ৭২৮ টাকা, যা এখন ৭৬০ টাকায়। তা ছাড়া খোলা সয়াবিন তেল প্রতি লিটার ১৩৬ টাকা ও বোতলজাত পাম সুপার ওয়েল ১১৮ টাকা দরে পাওয়া যাবে।

বাংলাদেশ ভোজ্যতেল পরিশোধনকারী ও বনস্পতি উৎপাদক সমিতির সংবাদ বিজ্ঞপ্তির তথ্য মতে এই মূল্য অবিলম্বে কার্যকর হবে। তবে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় পরিবেশক ও খুচরা পর্যায়ে পুরোনো মজুতের ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না।

গত ২৭ মে সয়াবিন তেলের দাম লিটার প্রতি ৯ টাকা বাড়ানো হয়েছিল।

দেশের ভোজ্য তেলের চাহিদার ৯৫ শতাংশই আমদানি করা হয়। ২০২০ সালের পর আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের অস্বাভাবিক ঊর্ধ্বগতির দরুন দেশে কয়েক বার সয়াবিন তেলের দাম বৃদ্ধি পেয়েছে।

Share





Related News

Comments are Closed