নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রী ও সন্তানের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: নেত্রকোনার খালিয়াজুরীতে আশ্রয়ণ প্রকল্পের ঘরের দেয়ালে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।
বুধবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের বয়ড়া গ্রামের লতিফপুর পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দিনমজুর আইবুল মিয়া (৫০), তার স্ত্রী আবেদা খাতুন (৪০) ও তাদের মেয়ে পিংকি। এ সময় আইবুলের শিশু নাতনি তাসিয়া গুরুতর আহত হয়েছে। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, উপজেলার গাজীপুর ইউনিয়নের বয়ড়া গ্রামের লতিফপুর পাড়ায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের বরাদ্দের নতুন ১৯৫টি ঘরের নির্মাণ কাজ চলছে। এরমধ্যে একটি ঘর বরাদ্দ পায় স্থানীয় দিনমজুর আইবুল মিয়া।
বরাদ্দ পাওয়া ঘরটির দেয়ালে বুধবার দুপুরে পানি দিতে যান তিনি। একপর্যায়ে বিদ্যুতায়িত পানির পাইপ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তার চিৎকার শুনে স্ত্রী ও মেয়ে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়। এসময় তার নাতনি শিশু তাসিয়াও আহত হয়েছে।
স্থানীয়রা তাদের উদ্ধার করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাদের মধ্যে তিনজন মারা যান। আর আহত শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক প্রসেনজিৎ দাস জানান, হাসপাতালে আনার আগেই বাবা-মা ও মেয়ে মারা যান। শিশু তাসিয়াকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যাচ্ছেন।
খালিয়াজুরী থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, আমি দাপ্তরিক কাজে নেত্রকোনায় এসেছি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএইচএম আরিফুল ইসলাম বলেন, বিষয়টি খুবই মর্মান্তিক। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মারা যাওয়া তিনজনের দাফনের জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা করা হবে।
Related News
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয়Read More



Comments are Closed