Main Menu

সিলেটে প্রাইভেটকারসহ তিন ছিনতাইকারী গ্রেপ্তার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মহানগরীর মোগলাবাজার থানার পুলিশ অভিযান চালিয়ে জনতার সহায়তায় প্রাইভেটকারসহ তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হচ্ছে-কুমিল্লার চৌদ্দগ্রামের সাতগড়িয়া উজিবাড়ির জহুরুল হকের পুত্র ও বর্তমানে বর্তমানে দক্ষিণ সুরমার লালমাটিয়া বাবলার বাসার ভাড়াটে হুমায়ুন কবির (২৫), নোয়াখালির চরজব্বার উপজেলার পূর্বচর মজিদ সফি আলমের বাড়ির খোরশেদ আলমের পুত্র বর্তমানে দক্ষিণ সুরমার খোজারখলার বাসিন্দা রবিউল হোসেন জাকির (৩৫) এবং ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজভাগ গ্রামের মৃত জুলফিকার আহমদ সেলিমের পুত্র ও বর্তমানে দক্ষিন সুরমার গোটাটিকর শেখ সোহেল মিয়ার কলোনীর বাসিন্দা আরিফুল ইসলাম (২৮)। তাদের ব্যবহৃত প্রাইভেট কার থেকে একটি সাড়ে ২২ ইঞ্চি লম্বা লোহার রড, ২৪ ইঞ্চি লম্বা একটি রামদা, প্লাস্টিকের হাতল যুক্ত একটি স্কু ড্রাইভার এবং একটি প্লাস্টিকের হাতল যুক্ত কাটার (চাকু) উদ্ধার করা হয়েছে।

এসএমপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ২টায় একদল ছিনতাইকারী প্রাইভেটকার যোগে সিলেট-ফেঞ্চুগঞ্জ-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কে রেঙ্গা-হাজিগঞ্জ এর নিকটস্থ ব্রিজের পার্শ্বে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে যানবাহনে ছিনতাইয়ের চেষ্টা করছিল। এমন তথ্যের ভিত্তিতে মোগলাবাজার থানার এসআই (নিঃ) পলাশ কানু সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থল ব্রীজের নিকটবর্তী হন। কিন্তু ছিনতাইকারী দল পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের ব্যবহৃত প্রাইভেটকার (নম্বর -চট্ট মেট্রো গ-১১-২৪৫৪) যোগে দ্রুত বেপরোয়া গতিতে সিলেট অভিমুখে পালাতে থাকে। এসআই কানু তাদের ধাওয়া করেন এবং বেতার যন্ত্রের মাধ্যমে ছিনতাইকারী দলকে আটকে করার জন্য অন্যান্য মোবাইল দলের সহযোগিতা চান। মোগলাবাজার থানার প্রত্যেকটি মোবাইল দল সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের একাধিক স্থানে ছিনতাইকারীদলকে আটকের চেষ্টা করে। কিন্তু বেপরোয়া ছিনতাইকারীরা প্রাইভেটকার দ্রত গতিতে চালিয়ে বিভিন্ন অলিগলি দিয়ে পালাতে থাকে। মোগলাবাজার থানা পুলিশ দৃঢ় মনোবলে জীবনের ঝুঁকি নিয়ে নিজেদের ব্যবহৃত যানবাহনসহ ছিনতাইকারীদলের পিছু ধাওয়া করতে থাকে। ছিনতাইকারী দল মোগলাবাজার থানার হেতিমগঞ্জ হয়ে শিববাড়ি রেলক্রসিং অতিক্রম করে চান্দাই দিয়ে দক্ষিণ সুরমা থানা এলাকায় প্রবেশ করে। এরপর দক্ষিণ সুরমা থানার বিভিন্ন অলিগলি দিয়ে গাড়ি চালিয়ে নগরীর কাজির বাজার ব্রীজ অতিক্রম করে কোতোয়ালী থানায় প্রবেশ করে। তারা বিভিন্ন অলিগলি ফিল্মি স্টাইলে মহড়া দিয়ে পালানোর চেষ্টাকালে এ্ই দৃশ্য সিলেট নগরের সেহরী খেতে জেগে উঠা লোকজন প্রত্যক্ষ করেন। তাদের অনেকে মোটরসাইকেল ও গাড়িযোগে ছিনতাইকারীদের অনুসরণ করতে থাকে। ছিনতাইকারী পাকড়াওয়ের জন্য পুলিশ জনতার যৌথ ধাওয়া চলতে থাকে। এক পর্যায়ে রাত আড়াইটায় কোতোয়ালী থানাধীন বাগবাড়ী সোনার বাংলা আবাসিক এলাকায় পাকা রাস্তায় চলন্ত গাড়ি থামিয়ে ছিনতাইকারীরা গাড়ি থেকে লাফিয়ে বের হয়ে পালাতে থাকে। এসময় জনতার সহযোগিতায় তাদের আটক করা হয়।

মোগলাবাজার থানার পুলিশ পরিদর্শক মো: ছাহাবুল ইসলাম, অফিসার ইনচার্জ আখতার হোসেন এ শ্বাসরুদ্ধকর সফল অভিযান পরিচালনা করেন।

এ ব্যাপারে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে এবং আসামীদেরকে যথাযথ প্রক্রিয়ায় শুক্রবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন মোগলাবাজার থানার ওসি আখতার হোসেন।

Share





Related News

Comments are Closed