Main Menu

খসড়া তালিকায় ভোটার ১০ কোটি ৯৬ লাখ

বৈশাখী নিউজ ডেস্ক : সারাদেশে হালনাগাদ কার্যক্রমে তথ্য সংগ্রহের পর ভোটার তালিকা খসড়া প্রকাশ করলো নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। তথ্য সংগ্রহের পর খসড়া এ তালিকায় দেশে বর্তমানে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১০ কোটি ৯৬ লাখ ৬ হাজার ১৮৭ জন। এর মধ্যে পুরুষ ৫ কোটি ৫৩ লাখ ২৫ হাজার ২৯২ জন, নারী ৫ কোটি ৪২ লাখ ৮০ হাজার ৫৪২ জন এবং হিজড়া ৩৫৩ জন রয়েছেন।

সোমবার (২০ জানুয়ারী) নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করেন ইসির অতিরিক্ত সচিব মো. মোখলেছুর রহমান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় দেশে মোট ভোটার সংখ্যা ছিল ১০ কোটি ৪২ লাখ ৪০ হাজার ৮২ জন।

খসড়া তালিকা নিয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুল ইসলাম বলেন, ‘এ খসড়া তালিকা ইউনিয়ন পরিষদ, থানা/উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়, জেলা নির্বাচন কর্মকর্তারা কার্যালয়সহ সংশ্লিষ্ট সব স্থানে প্রদর্শন করে রাখা হবে। এতে কোনো ভুল থাকলে বা কেউ যুক্ত হতে চাইলে বা কোনো সংশোধন করার থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিদের আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন নিষ্পত্তি করা হবে ১২ ফেব্রুয়ারি (বুধবার)। এরপর নির্দিষ্ট প্রক্রিয়া শেষে ১ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।’

তিনি বলেন, এবারের হালনাগাদে দ্বৈত ভোটার হওয়ার জন্য আবেদন করেছিলেন ২ লাখ ৭ হাজার ৬৩৫ জন। যাচাই-বাছাই করে এই অপচেষ্টাকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

ব্রিগেডিয়ার সাইদুল জানান, এবার হালনাগাদে মোট ৬৭ লাখ ৫৮ হাজার ৩৪১ জনের তথ্য সংগ্রহ করা হয়েছে। মারা যাওয়ায় তালিকা থেকে কর্তন করা হয়েছে ১৩ লাখ ৯২ হাজার ২৩৬ জন ভোটার। এর মধ্যে পুরুষ ৮ লাখ ২৯ হাজর ৮৪০, নারী ৫ লাখ ৬২ হাজার ৩৯৬। এগুলো বাদ দিয়ে ভোটার বেড়েছে ৫৩ লাখ ৬৬ হাজার ১০৫ জন। এর মধ্যে পুরুষ ৩৫ লাখ ৮২ হাজার ১৬৩ জন, নারী ৩১ লাখ ৭৫ হাজার ৮২৫ জন এবং হিজড়া ৩৫৩ জন।

তিনি বলেন, ১ জানুয়ারি ২০০২ এর আগে যাদের জন্ম তাদের এবার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। বাকি দুই বছরের তথ্য আগাম সংগ্রহ করে রাখা হয়েছে। এদের বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে নাম স্বয়ংক্রিয়ভাবে অন্তর্ভুক্ত হয়ে যাবে।

Share





Related News

Comments are Closed