Main Menu

সাভারে বাসে নারী শ্রমিককে ধর্ষণের পর হত্যা

বৈশাখী নিউজ ডেস্ক: সাভারের ধামরাইয়ে চলন্ত বাসে এক নারী শ্রমিককে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে বাসচালকের বিরুদ্ধে।

এ ঘটনায় অভিযুক্ত বাসচালক ফিরোজ ওরফে সোহেলকে (৩১) আটকের পাশাপাশি সেতু পরিবহন নামের ওই বাসটিও জব্দ করেছে পুলিশ। আটক সোহলের বাড়ি রাজবাড়ী জেলার পাংশা থানায়। সে ধামরাইর বড় জেঠাইল এলাকায় শ্বশুর বাড়িতে বসবাস করত।

এর আগে শনিবার ভোর রাতে ধামরাইর হিজলী খোলা এলাকার একটি নির্জন স্থান থেকে ওই নারী শ্রমিকের লাশ উদ্ধার করে ধামরাই থানা পুলিশ।

নিহত নারী শ্রমিক মমতা বেগম (১৯) ধামরাইয়ের ডাউটিয়া এলাকার পথিক সিরামিক্স নামের একটি প্রতিষ্ঠানে কাজ করতেন। স্বামীর সাথে ছাড়াছাড়ি হয়ে যাওয়া ওই নারী ধামরাই কুশুরা ইউনিয়নের কাঁঠালিয়া এলাকার শাহাজান খানের মেয়ে।

পুলিশ ও মেয়েটির পারিবারিক সূত্র জানায়, মমতার বাড়ি ধামরাইয়ে। তিনি স্থানীয় একটি সিরামিক কারখানায় কাজ করতেন। গতকাল শুক্রবার ভোররাত চারটার দিকে তিনি কারখানার বাসে করে কর্মস্থলের দিকে রওনা হন। এ সময় ওই বাসে শুধু চালক ছিলেন। মমতা ছাড়া বাসে আর কোনো যাত্রী ছিলেন না। বাড়ি থেকে এক কিলোমিটার দূরে যাওয়ার পর হিজলিখোলা এলাকায় চালক ফিরোজ এলাহী সোহেল মেয়েটিকে ধর্ষণ করেন। পরে তাকে হত্যা করে লাশ কৌশলে একটি রাস্তার পাশে নির্জন স্থানে ফেলে যান তিনি।

শুক্রবার রাত আটটা পর্যন্ত মেয়েটি বাড়ি না ফেরায় তার মা জুলেখা বেগম ধামরাই থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রাতেই ওই এলাকায় অভিযান চালিয়ে বাস চালককে আটক করেন। তার দেয়া তথ্য অনুযায়ী শনিবার ভোর রাতে হিজলীখোলা এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ লাশের ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় স্থানীয় শ্রমিকদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। এর আগেও ধামরাইয়ে চলন্ত বাসে কয়েকজন নারী শ্রমিক ধর্ষণের শিকার হয়েছিলেন।

নিহত নারী শ্রমিকের ভাই আলমগীর হোসেন জানান, সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তারা নিস্ব হয়ে পড়েছেন। তারা এক ভাই ও এক বোন ছিলেন।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, মমতার লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। আজ সকালে তরুণীর ভাই বাদী হয়ে মামলা করেন।

তিনি আরও বলেন, শনিবার ভোররাত চারটার দিকে বাসের চালক ফিরোজ এলাহী সোহেলকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জিজ্ঞাসাবাদে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করেছেন। বাস চালক সোহেলকে আজ (শনিবার) দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

Share





Related News

Comments are Closed