Main Menu

নজরুল বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির দায়ে শিক্ষক বরখাস্ত

বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক রুহুল আমিন খোদ বিভাগীয় চেয়ারম্যানসহ সহকর্মীদের যৌন হয়রানি করেছেন বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় বুধবার (১৮ জুলাই) অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত এবং বিষয়টি তদন্তে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএইচএম মোস্তাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন।

এদিকে, দায়িত্বে অবহেলার দায়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. জাহিদুল করিমকে অব্যাহতি দেয়া হয়েছে।

এর আগে সকালে শিক্ষক নেতৃবৃন্দসহ অভিযোগকারীরা উপাচার্যের সাথে দেখা করে ঘটনার বিচার দাবি করেন। উপাচার্য বিষয়টি নিয়ে শিক্ষক এবং প্রশাসনিক কর্মকর্তাদের সাথে আলাদা বৈঠক করেছেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় সূত্র।

তবে ২০১১ সাল থেকে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সহকারী অধ্যাপক রুহুল আমিন অভিযোগ অস্বীকার করে বলেন, এটি অপপ্রচার ছাড়া কিছু নয়। আসল কথা হচ্ছে, বিভাগের প্রথম ব্যাচের এমএ মৌখিক পরীক্ষায় নয় শিক্ষার্থীর ফেলের ঘটনায় মঙ্গলবার বিভাগীয় চেয়ারম্যানের কাছে প্রতিবাদ করার জেরে এ ধরনের অভিযোগ করা হচ্ছে।

রুহুল আমিনের প্রশ্ন- তিনি যদি কাউকে যৌন হয়রানি করে থাকেন তাহলে আগে কেন অভিযোগ করা হয়নি?

সূত্র জানায়, বুধবার থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ইসমত আরা ভুঁইয়া, সহকারী অধ্যাপক নীলা সাহা ও নুসরাত শারমিন উপাচার্যের কাছে রুহুল আমিনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করার পর বিষয়টি জানাজানি হয়।

অভিযোগকারীরা জানান, সহকর্মী রুহুল আমিন দীর্ঘদিন ধরে নারী শিক্ষকদের গায়ে হাত দেয়া থেকে শুরু করে নানাভাবে উত্যক্ত করে আসছিলেন। এ নিয়ে বিব্রত সহকর্মীরা আগের উপাচার্য অধ্যাপক ড. মোহিত উর রহমানের কাছে নালিশ করেছিলেন। কিন্তু কোনো প্রতিকার মেলেনি। সর্বশেষ মঙ্গলবার অফিস কক্ষে রুহুল আমিন অশালীন আচরণ করেন।

Share





Related News

Comments are Closed