Main Menu

রপগঞ্জে নিহত ৩ যুবকের পরিচয় মিলেছে

বৈশাখী নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপশহরের পূর্বাচল থেকে উদ্ধার তিন যুবকের লাশের পরিচয় মিলেছে।

তারা হলেন, রাজধানীর মহাখালী এলাকার শহীদুল্লাহর ছেলে সোহাগ (৩২), মুগদা এলাকার আবদুল মান্নানের ছেলে শিমুল (৩০) ও আবদুল ওয়াহাব মিয়ার ছেলে নূর হোসেন ওরফে বাবু (৩০)। এদের মধ্যে শিমুল ও বাবু সম্পর্কে ভায়রা ভাই।

লাশগুলো সনাক্ত করে তাদের স্বজনেরা জানান, গত বুধবার ডিবি পুলিশ পরিচয়ে তাদের তিনজনকে যাত্রীবাহী বাস থেকে তুলে নিয়ে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন।

রূপগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান মনির জানান, আলমপুরের ১১ নম্বর ব্রিজ এলাকায় সড়কের পাশে তিন যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে তাদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। নিহতদের পরনে জিন্স প্যান্ট, শার্ট ও গেঞ্জি ছিল।

নিহত সোহাগের ভাই মো. শাওন জানান, গত বুধবার বেড়াতে গিয়ে তার বড় ভাই নিখোঁজ হন। অনলাইনের নিউজে ছবি দেখে তারা রূপগঞ্জ থানায় এসে লাশ সনাক্ত করেন।

তিনি আরো জানান, সোহাগ ফাস্ট ফুড বার্গার ও স্যাটেলাইট ক্যাবল নেটওয়ার্কের ব্যবসা করতেন। তার ১০ বছর বয়সী মেয়ে সন্তান রয়েছে।

অন্যদিকে, নিহত শিমুলের স্ত্রী আয়েশা আক্তার আন্নি জানান, বুধবার বেড়াতে গিয়ে ফেরার পথে দৌলতদিয়া ঘাট এলাকায় যাত্রীবাহী বাস থেকে তার স্বামীসহ অন্যদের সাদা পোশাকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেয়া হয়। দুটি মাইক্রোবাস ও একটি গাড়িতে করে তাদের তুলে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে শিমুল নিখোঁজ ছিলেন। তার মোবাইল নম্বরও বন্ধ ছিল।

তিনি জানান, শুক্রবার খবর পেয়ে থানায় এসে স্বামীর লাশ সনাক্ত করেন। স্বামী ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন বলেও জানান এক মেয়ে সন্তানের এই জননী।

রূপগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান মনির জানান, নিহত যুবকদের মাথা ও শরীরে গুলির চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত একজনের পকেট থেকে ৬৫টি ইয়াবা জব্দ করা হয়েছে।

হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

Share





Related News

Comments are Closed